নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন ইতিমধ্যেই চলে এসেছে শহরে। মুম্বই, চেন্নাইয়ের পর শিয়ালদহ-রানাঘাট রুটে তা চলার কথা। রেক চলে এলেও কবে থেকে এসি লোকাল যাত্রী পরিষেবায় নামবে, তা এখনও চূড়ান্ত নয়। রেল সূত্রের দাবি, আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে প্রথম এসি লোকালের উদ্বোধন করতে পারেন। ওইদিনই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো অনুষ্ঠানিকভাবে জুড়ে যেতে পারে। পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা সম্প্রসারিত রুটে যাত্রী পরিবহণ চালু হতে পারে। একইভাবে নোয়াপাড়া-বিমান বন্দর মেট্রো উদ্বোধন হতে পারে। সবমিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আশায় বুক বাঁধছে বঙ্গবাসী। কারণ, তাঁর হাত ধরেই বহুপ্রতীক্ষিত একগুচ্ছ রেল ও মেট্রো প্রকল্পের সূচনা হতে পারে।



