Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নারায়ণপুরে ভাড়াঘরে বোমা মজুতের জের, ভাড়াটিয়াদের নিতে হবে পুলিশি ‘ছাড়পত্র’

নারায়ণপুরে ভাড়াটিয়াদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক হয়েছে। নিরাপত্তা বাড়াতে কমিশনারেটের নতুন নির্দেশিকা। বিস্তারিত পড়ুন।

নারায়ণপুরে ভাড়াঘরে বোমা মজুতের জের, ভাড়াটিয়াদের নিতে হবে পুলিশি ‘ছাড়পত্র’
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফ্ল্যাট হোক বা বাড়ি। ভাড়া নেওয়ার আগে প্রত্যেক ভাড়াটিয়াকে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (পিসিসি) নিতেই হবে! ২০২৫ সালের মে মাসে এই মর্মের নির্দেশিকা জারি করেছিল বিধাননগর কমিশনারেট। তারপর অনুমতি নেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। এমনকী, বর্তমানে যাঁরা ভাড়াটিয়া হিসাবে রয়েছেন, তাঁদেরকেও ওই সার্টিফিকেট বা ছাড়পত্র নিতে বলা হয়েছিল। তা না হলে আইনি ব্যবস্থার কথাও ঘোষণা করা হয়েছিল। তাতে ছাড়পত্র নেওয়ার প্রবণতা বেড়েছে। কিন্তু, এখনও অনেকেই ছাড়পত্র বিষয়ে অজ্ঞাত। আবার অনেকের মধ্যে রয়েছে অনীহা। নারায়ণপুরে কানা শামিমের ভাড়াবাড়িতে বিস্ফোরণ হওয়ার পর ফের ছাড়পত্র ইস্যু সামনে এসেছে। কারণ, শামিম ছাড়পত্র নেননি! কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ফের এই ছাড়পত্র ইস্যুতে প্রচার শুরু হয়েছে। পাড়া বৈঠকের সঙ্গে মাইকেও চলছে প্রচার।

Advertisement

সল্টলেক, নিউটাউন, রাজারহাট, নারায়ণপুর, বাগুইআটি, কৈখালি, কেষ্টপুর, লেকটাউন প্রভৃতি এলাকায় হাজার হাজার ভাড়াটিয়া রয়েছেন। অতীতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, মালিকের সঙ্গে ভাড়াটিয়ার কোনও পরিচিতি নেই। দালাল মারফত লেনদেন হয়। আবার অনেকে ভাড়াটিয়া নিজে বাড়ি ও ফ্ল্যাট ভাড়া নিয়ে অন্য ভাড়াটিয়া বসিয়ে দিচ্ছেন। থানা তো দূরের কথা, বাড়ি মালিকের কাছেই সে তথ্য থাকে না। তা শহরের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তাই এই পুলিশি ছাড়পত্র নিয়ে জোর দিয়েছে কমিশনারেট।
প্রসঙ্গত, নিউটাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাটেই আস্তানা গড়েছিল পাঞ্জাবেব দুই গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত। রাজ্য পুলিসের স্পেশাল টাস্কফোর্সের এনকাউন্টারে তাদের খতম করা হয়েছিল। ‘বোমা মজুতকারী’ কানা শামিম দালাল মারফতই নারায়ণপুর ঘন জনবসতি এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল। বস্তি এবং ঘিঞ্জি এলাকায় ছাড়পত্র নিয়ে অনেকেই অবগত নন। সেই সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরাও।
নারায়ণপুর থানার পক্ষ থেকে বড় বড় আবাসন, অ্যাপার্টমেন্ট, বাড়ি, বস্তি এলাকায় মাইকে প্রচার শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই প্রচার চলছে। নিউটাউনের ইকোপার্ক থানাও প্রচারে নেমেছে। পাড়া বৈঠক করেছে। অন্যান্য থানাতেও পুলিশি ছাড়পত্র নিয়ে প্রচার চলছে। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ভাড়াটিয়াদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করলেই হবে। পুলিস সেই আবেদন খতিয়ে দেখবে। যদি তাঁর বিরুদ্ধে রাজ্যের কোনও থানায় অভিযোগ না থাকে, তাহলে তাঁকে দ্রুত ছাড়পত্র দেওয়া হবে। তবে, কোনও অভিযোগ বা জটিলতা থাকলে, ছাড়পত্র মিলবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ