Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যামাক স্ট্রিট কাণ্ড: সাত সকালে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ক্যামাক স্ট্রিটের ঘটনায় এবার পুলিশের নোটিস গেল প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের কাছে। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

ক্যামাক স্ট্রিট কাণ্ড: সাত সকালে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটের ঘটনায় এবার পুলিশের নোটিস গেল প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের কাছে। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। আগামী সপ্তাহেই তাঁকে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, এর আগে দু’বার হুমায়ুন কবীরের বাড়িতে নোটিস দিতে গিয়েছিলেন আধিকারিকরা। কিন্তু তাঁকে না পাওয়ায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। রবিবার সাতসকালে ফের তাঁর বাড়িতে যায় পুলিশের একটি দল। বেশ কিছুক্ষণ দরজায় ডাকাডাকির পর বাড়ির ভিতর থেকে এক কর্মী বেরিয়ে আসেন। তাঁর হাতেই নোটিস তুলে দেন পুলিশ আধিকারিকরা। 

গত ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুরসভার কর্মীরা বিলবোর্ড সরাতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগও ওঠে। পুলিশের দাবি, অফিসে প্রবেশের চেষ্টা করার সময় কয়েকজন পুলিশকর্মীর সঙ্গে হাতাহাতি হয়। মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানীরও অভিযোগ ওঠে সেদিন। ঘটনাকে কেন্দ্র করে পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও সামনে আসে। এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে পুলিশ। এবার সেই তালিকাতেই যুক্ত হল হুমায়ুন কবীরের নাম। ক্যামাক স্ট্রিটের ওই ঘটনার তদন্তে হুমায়ুন কবীরের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ