গণহত্যার বিচার পাননি নন্দীগ্রামের মানুষ মামলা রি-ওপেন করতে চান মুখ্যমন্ত্রী
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীকান্ত পড়্যা, নন্দীগ্রাম: নন্দীগ্রামে জমি আন্দোলন সংক্রান্ত সব মামলা ‘রি-ওপেন’ করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রামে প্রথম শহিদ স্মরণ সভায় যোগ দিয়ে তিনি বলেন, ‘নন্দীগ্রামের মানুষ গণহত্যার বিচার পায়নি। নতুন করে এফআইআর করলে গোঘাটের অভয় ঘোষ, তালডাংরার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ, খেজুরির হিমাংশু দাসদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ গত ১৯ বছরে এই প্রথম মঙ্গলবার (১০ নভেম্বর) করপল্লিতে তৃণমূলের তরফে শহিদবেদিতে শ্রদ্ধা জানানো হয়নি। এনিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নন্দীগ্রাম আন্দোলনে ওদের (তৃণমূলের) কোনো ভূমিকা নেই। নন্দীগ্রামের মানুষের সঙ্গে তৎকালীন সিপিএম সরকারের লড়াই ছিল।’
২০২৫ সালে ১০ নভেম্বর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের করপল্লিতে শহিদবেদিতে শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, পরের বছর থেকে তৃণমূলকে এখানে দেখতে পাবেন না। এদিন এক বছরের আগের সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার কথা মিলেছে তো? আগামী একশো বছর ওদের আর দেখতে পাবেন না। রেকর্ড করে রেখে দিন। নাম ও নিশান দু’টো‌ই ওঠে গিয়েছে। অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। ডেথ সার্টিফিকেট সমস্যা মিটিয়েছি। ন’জনের পরিবার চাকরি পাচ্ছিল না। আমরা সরকারে আসার পর গত দু’-তিন মাসের মধ্যে ন’জনের পরিবারকে অ্যাটেনডেন্টের চাকরি দিয়েছি।’
নন্দীগ্রাম জমি আন্দোলনের ইতিহাস ১৪ মার্চ, ৭ জানুয়ারি ও ১০ নভেম্বর এক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০৭ সালে ১০ নভেম্বর নন্দীগ্রামে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার আশায় ‘সূর্যোদয়’ অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন শাসক দল সিপিএম। রক্তাক্ত অভিযানে হতাহতের ঘটনা ঘটেছিল। সেদিন শ্যামলী মান্না, রেজাউল করিম খুন হয়েছিলেন। আরও ১১ জনকে পিছমোড়া করে বেঁধে নিয়ে যাওয়া হয়। তাঁদের খুন করার পর লাশ গায়েব করা হয়েছিল বলে অভিযোগ।
এদিন গোকুলনগর পঞ্চায়েতের করপল্লিতে শহিদ বেদিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তারপর সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘১৫ বছর মুখ্যমন্ত্রী থাকার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ডেথ সার্টিফিকেট দেননি। হাইকোর্ট করে আমি আদায় করে দিয়েছি। চারজনের পরিবার আমার সঙ্গে থাকায় চার লক্ষ টাকা করে সরকারি ক্ষতিপূরণ দেয়নি। ঘটনার পর ১৯ বছর কেটে গিয়েছে। আমি আমার সংকল্পে সেদিন অবিচল ছিলাম। আজও রয়েছি। কিন্তু, যারা আমাকে আটকাতে গিয়েছিল, এখন তাদের দেখা নেই।’
নন্দীগ্রামের জামবাড়ি গ্রামের মহিতোষ করণ জমি আন্দোলন পর্বে সিপিএম কর্মী ছিলেন। সংঘর্ষের পর তিনিও ১৯ বছর নিখোঁজ। পরিবারের লোকজন এখনও ডেথ সার্টিফিকেট পাননি। এদিন মহিতোষের পরিবার করপল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেথ সার্টিফিকেটের আর্জি জানান। ভাইফোঁটার পর অফিস খুললে ১৩ নভেম্বর সেই সার্টিফিকেট পেয়ে যাবেন বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। এদিন বিরোধীদের ঠেস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা বলছে, মোদিজী যায়েগা। আমরা বলছি-মোদিজী কভি নেহি যায়েগা। মোদিজী বিকশিত ভারত বানায়েগা।’
নন্দীগ্রাম কেস রি-ওপেন প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু দাস বলেন, ‘মুখ্যমন্ত্রী এখনও আমার নাম মনে রেখেছেন ভেবে নিজেকে গর্বিত মনে করছি। এখন পুলিশ প্রশাসন, গোয়েন্দা সব শুভেন্দুবাবুর হাতেই রয়েছে। তাঁর যা করার আছে অবশ্যই করতে পারেন। তাতে একজন কমিউনিস্ট নেতা হিসেবে আমার কোনওরকম ভয়ডর নেই।’ 
এদিন নন্দীগ্রাম বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা করপল্লিতে উপস্থিত হয়েছিলেন। সভায় নন্দীগ্রামের বিধায়ক হাসিরানী রথ, দলের নেতা মেঘনাদ পাল, স্বদেশ দাসঅধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Advertisement