নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রাম বিধানসভার উপ-নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ৬অক্টোবর ওই বিধানসভার উপ নির্বাচন হবে। ৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ৬ অক্টোবর ভোট হবে। ৯ অক্টোবর ভোটের ফল ঘোষণা। উপ-নির্বাচনের সূচি প্রকাশ হতেই বিজেপিতে জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে। আজ, মঙ্গলবার সকাল ১০টায় রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে জরুরি সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে ওই বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাত, রাজ্য সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী ছাড়াও তমলুক ও কাঁথির সাংসদ এবং পাঁচটি মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত পাঁচ বিধায়ক উপস্থিত থাকবেন। ওই বৈঠকে কেন্দ্রীয় বিজেপি নেতা সুনীল বনসলও থাকতে পারেন বলে দলীয় সূত্রের খবর।
পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অনুপম মল্লিক বলেন, রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে জ্যোতির্ময় মাহাত, অমিতাভ চক্রবর্তীরা থাকবেন। সুনীল বনসলের আসার কথা আছে। পাঁচ মণ্ডলের সভাপতিরা উপস্থিত থাকবেন। এছাড়া ১৭টি পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত জেলা ও মোর্চার নেতৃত্বও উপস্থিত থাকবেন।
নন্দীগ্রাম উপ নির্বাচন নিয়ে আড়াই মাস আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বিধানসভার অধীন পাঁচটি মণ্ডলের ইনচার্জ হিসেবে পাঁচজন বিধায়ককে দায়িত্ব দিয়েছেন। এছাড়া সার্বিক বিধানসভার ইনচার্জ করা হয়েছে সাংসদ জ্যোতির্ময় মাহাতকে। তিনি বেশ কয়েকবার এসে সাংগঠনিক বৈঠক করে গিয়েছেন। প্রার্থী নিয়ে তিন ভূমিপুত্র দাবিদার। তাঁদের সামনে রেখে ঘনিষ্ঠ কর্মীরা দেওয়াল লিখন থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি সহ প্রচারও চালাচ্ছেন। দলের জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, দুই জেলা সহ সভাপতি অঞ্জন ভারতী এবং প্রলয় পালকে নিয়ে তাঁদের ঘনিষ্ঠরা এসব করে চলছেন।
রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া এই আসনে উপনির্বাচনে শাসকদলের প্রার্থী কে হবেন তা নিয়ে রাজ্য রাজনীতির আগ্রহ তুঙ্গে। আপাতত উন্নয়নের তরী বেয়ে উপ নির্বাচনে বাজিমাত করার পক্ষে বিজেপি। নন্দীগ্রাম-হলদিয়া সংযোগকারী হলদির উপর ব্রিজ থেকে নন্দীগ্রাম-দেশপ্রাণ নতুন রেলপথ, ১২০০কোটির জল প্রকল্প সহ অনেক স্কিম হাতে নেওয়া হয়েছে। জলপ্রকল্প এবং রেলপথের কাজ অনেকটাই এগিয়ে। এছাড়াও গত ৩১আগস্ট সোমবার রেয়াপাড়ার সরকারি সভা থেকে ৩০০কোটি টাকা মূল্যের পরিষেবা ও পরিকাঠামোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
উপ নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই দিতে মরিয়া সিপিএম। পালাবদলের রাজ্যে উপ নির্বাচনে প্রাসঙ্গিক হতে মরিয়া সিপিএম। সিপিএমের রাজ্য নেতা রবিন দেব সোমবার নন্দীগ্রামে এসে প্রস্তুতি সভা করেন। নির্বাচনী কমিটিও গড়া হয়েছে।