এসআইআরে নাম বাদ, নথি যাচাইয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছে পুলিশ!
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। তালিকায় সেই নাম ওঠাতে ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন অনেকে। তাঁদের নথি যাচাই করতে এবার এলাকায় ঘুরছে পুলিশ। পুলিশের এই তৎপরতা ঘিরেই ক্ষোভ বাড়ছে মধ্যমগ্রামে। আদৌ এই সমীক্ষায় কোনো সুরাহা হবে কি না, তা নিয়ে সংশয়ে নাম বাদ পড়া ভোটারদের একাংশ। তাঁদের প্রশ্ন, ভোটার তালিকা সংশোধন এবং নথি যাচাইয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের। বিএলও বা কমিশনের নির্দিষ্ট আধিকারিকরা সেই কাজ করেন। সেখানে পুলিশ কেন? নাম বাদ পড়া ভোটারদের একাংশের সংশয়, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে না তো!

Advertisement

হাওড়া, জগদ্দলের পর এবার মধ্যমগ্রাম পুরসভার একাধিক ওয়ার্ডে এসআইআরে বাদ পড়া ভোটারদের বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। মূলত ট্রাইবুনালে আবেদন করা ব্যক্তিদের কাছ থেকে ভোটার কার্ড, জন্মের শংসাপত্র, স্কুলের সার্টিফিকেট, জমির দলিল সহ বিভিন্ন নথি চাওয়া হচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকায় থাকা বাবা-মায়ের নামও জানতে চাইছে পুলিশ। স্থানীয়দের আরও অভিযোগ, ট্রাইবুনালে আবেদনকারীরা সংশ্লিষ্ট এলাকায় থাকেন কি না, তা জানতে তৃণমূলের কাউন্সিলারদের ফোন করছে পুলিশ। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শাসকদলের কর্মীদেরও দেখা যাচ্ছে বলে দাবি বাসিন্দাদের। ফলে পুলিশের এই সমীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের বক্তব্য, পুরসভার বিভিন্ন এলাকায় পুলিশ গিয়ে এসআইআরে বাদ পড়া ভোটারদের নথি যাচাই করছে। কীভাবে এই কাজ হচ্ছে, তার সদুত্তর প্রশাসনও দিতে পারেনি। অন্যদিকে, জেলা প্রশাসনের এক কর্তার দাবি, এই ধরনের কাজের নির্দেশ প্রশাসনের তরফে পুলিশকে দেওয়া হয়নি। বিষয়টি আমাদের জানা নেই, পুলিশ বলতে পারবে। এনিয়ে বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সির বক্তব্য, পুলিশ ভেরিফিকেশনের কাজ করছে। তবে এই কাজের জন্য প্রশাসনের কোনো নির্দেশ রয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। ফলে, নাম বাদ পড়া ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন— পুলিশের এই সমীক্ষায় কি আদৌ ভোটাধিকার ফিরে পাওয়ার পথ খুলবে? নাকি নথি সংগ্রহের নামে চলছে অন্য কোনো তথ্য সংগ্রহের প্রক্রিয়া? কিন্তু পুলিশের এই ভূমিকার কারণ কী, তার স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। একারণেই মধ্যমগ্রামে বাড়ছে অসন্তোষ।