Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম নেই, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ অশোকনগর এবং হাসনাবাদে

সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় উত্তেজনা ছড়াল অশোকনগরের গুমা ও হাসনাবাদের হাবাসপুরে

সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম নেই,  টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ অশোকনগর এবং হাসনাবাদে
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় উত্তেজনা ছড়াল অশোকনগরের গুমা ও হাসনাবাদের হাবাসপুরে।  অশোকনগর গুমা ২ নম্বর পঞ্চায়েতে ১৪০ ও ১৪১ নম্বর বুথে প্রায় ৮০০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে মঙ্গলবার গুমা জোড়া ব্রিজ সংলগ্ন যশোর রোড অবরোধ করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। ফলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যানজট তৈরি হয়। বিক্ষোভকারী মনির গাজি বলেন, বিজেপির চক্রান্ত করে বৈধ নাম বাদ দিচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির দালাল, আমাদের বৈধ নাম বাদ দেওয়ার পুরো চক্রান্ত বিজেপির। আমাদের দাবি, বৈধ ভোটারদের নাম তালিকায় উঠুক। বিক্ষোভকারী লাল্টু মণ্ডল বলেন, প্রায় ৯০০ ভোটারের মধ্যে ৩১৯ জনের নাম বাদ গিয়েছে, সব নথি দেওয়ার পরেও নাম নেই। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমাদের নাম তুলতে হবে। স্থানীয় নেতা নাসিরুদ্দিন মণ্ডল বলেন, বৈধ ভোটারদের নাম যদি না ওঠে তাহলে আমরা গুমা দুই নম্বর পঞ্চায়েতের ১৩৯, ১৪০, ১৪১ নম্বর বুথে ভোট বয়কট করব। প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ ওঠে। 

Advertisement

২৫৭ জনের নাম বাদ যাওয়ায় এদিনই রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান হাসনাবাদের হাবাসপুরের বাসিন্দারা। তাঁদের দাবি, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অন্যায়। দ্রুত বিষয়টির তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দা সফুরা বিবি বলেন, আমরা ভারতীয়। ভারত সরকারের সবরকম নথি আমাদের আছে। শুনানিতে ডাকলে সবরকম কাগজপত্র দেখিয়েছি সরকারি আধিকারিকদের। তারপরও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ তুলে দেয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ