এসআইআরে নাম বাদ: সরব যোগী, অস্বস্তিতে মোদি-শাহ
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যোগী আদিত্যনাথ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগায় বিজেপির অন্দরে তীব্র আলোড়ন। সোমবার এসআ‌ইআর নিয়ে যোগী আদিত্যনাথ যে সুরে কথা বলেছেন, সেটি আদতে ইন্ডিয়া জোটের হাতই শক্ত করতে পারে। একথা না জেনে মন্তব্য করার মানুষ যোগী নন। বিজেপির অন্দরে প্রশ্ন, তাহলে আদিত্যনাথের তোপের মূল লক্ষ্য কে? নির্বাচন কমিশন? নাকি কমিশন ছাড়াও আরও অন্য কেউ? এসআইআরে উত্তরপ্রদেশে দু’কোটির বেশি নাম বাদ গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী যোগী বলেছেন, ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছে। কেন? কাদের অঙ্গুলিহেলনে? এখনই এই সব নাম আবার তুলতে হবে। যোগীর এই তোপের লক্ষ্য কে, সেটা নিয়ে বিজেপির মধ্যে তোলপাড়। উত্তরপ্রদেশে বিজেপির অন্দরে যোগী অনুগামীদের জল্পনা, তাঁকে হারাতে অন্তর্ঘাত চলছে। যোগী অনুগামীরা বলছেন, মুখ্যমন্ত্রী হিসাবে যোগী উত্তরপ্রদেশে সব স্তরের মানুষের কাছে জনপ্রিয়। ইন্ডিয়া জোট তাঁকে হারাতে পারবে না। তাই এভাবে হিন্দুদের নাম বাদ দিয়ে যোগীকে হারানোর কোনো গেমপ্ল্যান চলছে না তো? বিজেপির মধ্যেই সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়ার পূর্ণ সুযোগ নিয়েছেন অখিলেশ যাদব। তিনি মঙ্গলবার বলেছেন, আমরা যে সুরে কথা বলছি, মুখ্যমন্ত্রী ঠিক সেই সুরেই অভিযোগ করছেন। আপনার সঙ্গে আমাদের পাথর্ক্য নেই। আরও বেশি করে কমিশনের বিরুদ্ধে বলুন। এদিকে উত্তরপ্রদেশের এসআইআরে হিন্দু নাম বাদ যাওয়া নিয়ে যোগীর সুরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো কথা বলেনি। কারণ, এতদিন ধরে বিজেপি শীর্ষ নেতৃত্ব লাগাতার কমিশনকে আড়াল করে গিয়েছে। বিরোধীদের উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে। এবার খোদ যোগী কমিশনের ব্যর্থতার প্রসঙ্গ তুলে বাদ যাওয়া হিন্দু ভোটারের নাম তোলার দাবি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, আমাদের ভোটারের নামই তালিকা থেকে বাদ! এটা কীসের চক্রান্ত?

Advertisement