Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মোদির জন্মদিনে আজ নলাটেশ্বরী মন্দির সাজবে পাঁচ হাজার প্রদীপে

শারদোৎসবের আবহ চারদিকে, তবে কালীপুজো ও দীপাবলী আসতে এখনও বেশ কিছুদিন বাকি।

মোদির জন্মদিনে আজ নলাটেশ্বরী মন্দির সাজবে পাঁচ হাজার প্রদীপে
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট : শারদোৎসবের আবহ চারদিকে, তবে কালীপুজো ও দীপাবলী আসতে এখনও বেশ কিছুদিন বাকি। তার আগেই আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজার হাজার মাটির প্রদীপের মায়াবী আলোয় উজ্জ্বল হয়ে উঠতে চলেছে সতীর ৫১ পীঠের অন্যতম ঐতিহ্যবাহী  নলাটেশ্বরী মন্দির চত্বর। সৌজন্যে বিজেপির মহিলা মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মজয়ন্তী এবং তাঁর দীর্ঘ ২৫ বছরের সাফল্যমণ্ডিত রাজনৈতিক ও প্রশাসনিক কর্মজীবনকে স্মরণীয় করে রাখতেই বিজেপির ‘সেবা সংকল্প’ অভিযানের অঙ্গ হিসেবে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এই দিনটিকে কেন্দ্র করে নলহাটিতে নেমে এসেছে এক অকাল উৎসবের আমেজ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, এই বিশেষ স্মরণোৎসবকে সফল ও সুন্দর করে তুলতে চার দিন ধরে নিরলস পরিশ্রম করছেন বিজেপির নলহাটি ৪ নম্বর মণ্ডলের ৩০ মহিলা মোর্চার সদস্যারা। ধরমপুর গ্রামে নিজেদের হাতে কাদা মাটি দিয়ে তাঁরা বানিয়ে ফেলেছেন প্রায় পাঁচ হাজার প্রদীপ। শুধু প্রদীপ তৈরিই নয়, বৃহস্পতিবার সকাল থেকেই মহিলা মোর্চার সদস্যরা নলাটেশ্বরী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাজিয়ে তোলার কাজ শুরু করে দেবেন। মন্দিরে আসা ভক্ত ও দর্শনার্থীদের স্বাগত জানাতে চত্বর জুড়ে আঁকা হবে রঙবেরঙের সব আলপনা।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সেসব আলপনার মাঝে প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তোলা হবে সমগ্র সতীপীঠ। প্রতিটি প্রদীপের শিখায় প্রতিফলিত হবে ভক্তি ও শ্রদ্ধার্ঘ্য। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল নলাটেশ্বরী মন্দিরই নয়, এলাকার প্রতিটি বুথ সংলগ্ন ছোটো-বড়ো মন্দিরগুলিতেও একযোগে জ্বলবে আলো।
আলোর এই উৎসবের পাশাপাশি পুণ্যার্থী ও এলাকার মানুষদের জন্য আয়োজন করা হয়েছে মহাপ্রসাদের। মহিলা মোর্চার উদ্যোগে কয়েক লিটার দুধ এবং সুগন্ধি আতপ চাল দিয়ে তৈরি বিশেষ পায়েস তৈরি করা হবে। যা সন্ধ্যায় সবার মধ্যে প্রসাদ হিসাবে বিলি হবে।
মহিলা মোর্চার জেলা সহ-সভানেত্রী সঙ্গিতা সিং জানান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের সার্বিক উন্নয়ন এবং বিশেষভাবে মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য অনন্য সব কাজ করে চলেছেন। আমরা সবাই মোদীজিকে ভালোবাসি। তাঁর জন্মদিন ও এই ঐতিহাসিক মাইলফলককে শ্রদ্ধা জানাতেই রাজ্যের এই অন্যতম পুণ্যতীর্থ নলাটেশ্বরী মন্দিরকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সব পুণ্যার্থীদের মধ্যে পায়েস বিলি করে এই আনন্দের মুহূর্তকে ভাগ করে নেব আমরা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ