Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়া: দশদিনেই প্রায় সাড়ে ৪ লাখ গৃহগণনার কাজ শেষ জেলায়

নদীয়া জেলায় জনগণনায় দশদিনেই প্রায় সাড়ে চার লক্ষ হাউজহোল্ড সার্ভের কাজ শেষ হয়েছে। অর্থাৎ প্রায় ২৩ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে নদীয়া জেলায়।‌

নদীয়া: দশদিনেই প্রায় সাড়ে ৪ লাখ গৃহগণনার কাজ শেষ জেলায়
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: নদীয়া জেলায় জনগণনায় দশদিনেই প্রায় সাড়ে চার লক্ষ হাউজহোল্ড সার্ভের কাজ শেষ হয়েছে। অর্থাৎ প্রায় ২৩ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে নদীয়া জেলায়।‌ কারণ এই জেলায় জনগণনায় প্রায় ১৭ লক্ষ হাউজহোল্ড রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যমাত্রাকে পাখির চোখ করেই দ্রুতগতিতে গৃহগণনার কাজ শেষ করা হচ্ছে পুরসভা ও ব্লগগুলিতে। এই তালিকায় সবার উপর রয়েছে তাহেরপুর এবং হরিণঘাটা পুরসভা। উভয় জায়গাতেই ৫০ শতাংশের বেশি হাউজহোল্ড সার্ভে বা গৃহগণনার কাজ শেষ হয়েছে। প্রশাসন আশাবাদী, সেপ্টেম্বরের নির্ধারিত সময়ের আনেক আগেই গৃহগণনার কাজ শেষ হবে। সম্প্রতি সেলফ ইনুমারেশনেও নদীয়া জেলা রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে ছিল। বর্তমানে বাড়ি, বাড়ি গিয়ে ইনুমারেটাররা গৃহগণনার কাজ করছেন।

Advertisement

জানা গিয়েছে, নদীয়া জেলায় শেষ বার যখন জনগণনা হয়েছিল তখন জেলায় হাউজহোল্ড ছিল প্রায় ১২ লক্ষ ২৮ হাজার ৯০০। প্রশাসনের অনুমান, বিগত ১৬ বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৭ লক্ষ। তেহট্ট-১ ব্লকে ২০১১ সালে ৫৮ হাজার হাউজহোল্ড ছিল। এখন তা বেড়ে হতে পারে প্রায় ৮৪ হাজার। যার মধ্যে ৩৩ শতাংশ হাউজহোল্ড সার্ভের কাজ বিগত দশদিনে শেষ হয়েছে।‌ একইভাবে চাপড়া ব্লকে ২০১১ সালে ৬৯ হাজার ৫৯৮টি হাউজহোল্ড ছিল। সেটাই এখন বেড়ে হয়েছে ১ লক্ষের কাছাকাছি।‌ কৃষ্ণনগর-১ ব্লকে ২০১১ সালে হাউজহোল্ড ছিল ৭৪ হাজার ৩৭৫। প্রশাসনের অনুমান এখন সেটা বেড়ে হতে পারে ১ লক্ষ ৭ হাজার।‌ 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তেহট্ট-১ ব্লক, চাকদহ পুরসভা ও শান্তিপুর পুরসভায় ৩০ শতাংশের বেশি হাউজহোল্ড সমীক্ষার কাজ শেষ হয়েছে। আবার কৃষ্ণনগর-২ ব্লক, কুপার্স পুরসভা, রানাঘাট-১ ব্লক, কৃষ্ণগঞ্জ ব্লক, করিমপুর-১, করিমপুর-২, রানাঘাট-২, বীরনগর পুরসভা, কৃষ্ণনগর-১ ব্লক, শান্তিপুর ব্লক, হাঁসখালি ব্লক, চাকদহ ব্লক, কল্যাণী ব্লক, তেহট্ট-২, কল্যাণী পুরসভা, গয়েশপুর পুরসভায় ২০ থেকে ৩০ শতাংশের মন হাউজহোল্ড সার্ভের কাজ শেষ হয়েছে। সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে, কৃষ্ণনগর পুরসভা, নাকাশিপাড়া ব্লক এবং নবদ্বীপ পুরসভা। সবমিলিয়ে বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ হাউজহোল্ড সার্ভের কাজ শেষ হয়েছে।‌
উল্লেখ্য, ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে। সেসময় বড়ি বাড়ি গিয়ে গৃহগণনার কাজ করবেন সমীক্ষরা। এর আগে ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সেলফ ইনিউমারেশনের কাজ করা হয়েছিল।‌ তাতে নদীয়া জেলা ৯৪.২২ শতাংশ কাজ শেষ করে রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিল। অনলাইনে সফলভাবে পরিবারের তথ্য নথিভুক্ত করা হলে আবেদনকারীকে ১১ সংখ্যার একটি ‘ইউনিক আইডি’ দেওয়া হবে। পরবর্তীতে গণনাকারী বাড়িতে পৌঁছালে ওই আইডি জানালেই তিনি অনলাইনে তথ্যটি যাচাই করে নেবেন। যাচাই প্রক্রিয়া সফল হলে একই তথ্য ফের নতুন করে সংগ্রহ করার প্রয়োজন হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ