নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কাজে ‘ফাঁকিবাজি’! স্পট ভিজিট না করেই যে কোনও ঘটনার রিপোর্ট পেশ! ‘ফিল্ড ইনস্পেকশন’ অ্যাপ্লিকেশনের সৌজন্যে ফাঁকিবাজিতে রাশ পড়ছে। এখন থেকে প্রতিটি ক্ষেত্রে সরেজমিনে পরিদর্শন করে সমস্ত তথ্য অনলাইনের মাধ্যমে পেশ করতে হবে। সুনির্দিষ্ট আকারে তথ্য তুলে ধরতে হবে ‘ফিল্ড ইনস্পেকশন’ অ্যাপ্লিকেশনে তুলে ধরতে হবে। জেলা প্রশাসনের শীর্ষমহলের যেকোনও আধিকারিক সেই তথ্য খতিয়ে দেখতে পারবেন। শুধু তাই নয়, সরাসরি নবান্ন থেকেও নজরদারি চালানো সম্ভব হবে। স্বাভাবিকভাবেই আধিকারিকদের একাংশের অনুমান, যেকোনও ঘটনা ও অভিযোগের নিরসন খুব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে সম্ভব হবে। সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, এই অ্যাপ্লিকেশনের সৌজন্যে আধিকারিকদের কর্মদক্ষতা যাচাই সহ প্রশাসনিক কাজে গতি আসবে। ইতিমধ্যে অ্যাপ্লিকেশনের ব্যবহার শুরু হয়েছে। বিভিন্ন কাজের তদারকিও করা হচ্ছে।রাজ্য সরকারের অধীন যেকোনও দপ্তরের তরফে চলা কাজের গতিও গুণগত মান যাচাই সহ নানা বিষয়ের তদারকিতে ফিল্ড ইনস্পেকশন অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিব, মন্ত্রীও আমলা এমনকী জেলা স্তরের আধিকারিকরাও কাজের গতিবিধির উপর নজরদারি চালাতে পারবেন। কোন প্রকল্পের অগ্রগতি কেমন, আধিকারিকরা গুণগত মান যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন কিনা, সবটাই নজরে থাকবে। ইতিমধ্যে এই অ্যাপ্লিকেশন ব্যবহারে জোর দেওয়া হয়েছে। জেলা বীরভূমেও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নানা কাজের নজরদারি শুরু হয়েছে। জেলাস্তরে জেলাশাসকের নজরদারিতে সবটা পরিচালিত হচ্ছে।



