নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক সীমান্ত রয়েছে রাজ্য পুলিশের উত্তর ও দক্ষিণবঙ্গের এমন থানার আইসিদের ‘সততা ও দক্ষতা’ নিয়ে জেলার এসপিদের কাছে গোপন রিপোর্ট তলব করল নবান্ন। স্বরাষ্ট্র দপ্তরের এক সূত্রের কথায়, ‘বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরষের মধ্যে যাতে ভূত না থাকে তা নিশ্চিত করতেই, দেশের সর্বোচ্চস্তরের নির্দেশে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মূলত, বাংলাদেশে পরবর্তিত পরিস্থিতিতে চিকেন নেকের সুরক্ষা জোরদার করতেই উত্তরবঙ্গ নিয়ে বাড়তি উদ্বিগ্ন দিল্লি।’ ফলে এরাজ্যে বিজেপি সরকার গঠনের পর দফায় দফায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দাদের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।
এই প্রেক্ষাপটে এই গোপন রিপোর্ট আগামী দিনে এরাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় প্রভাব ফেলতে পারে। রাজ্য পুলিশের ডিজি (আইন শৃঙ্খলা) অজয় রানাডে শুক্রবার এই রিপোর্ট চেয়েছেন। আজ শনিবার দুপুরের মধ্যে এই রিপোর্ট নবান্নে পাঠাতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের এক সূত্র জানাচ্ছে, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর, রায়গঞ্জ, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বসিরহাট, বনগাঁ জেলার এসপিদের কাছ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে।



