নবান্নে কার্তিক পুজোয় দেশাত্মবোধের ছোঁয়া, তারাপীঠের থিমে সার্ধশতবর্ষে ‘বন্দেমাতরম’
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট : তামাম বাংলার মানুষ যখন দুর্গাপুজোর জন্য সারাবছর অধীর অপেক্ষায় থাকেন, তখন তারাপীঠ প্রহর গোনে কার্তিক পুজোর জন্য। আগামিকাল অর্থাৎ শনিবার নবান্ন উৎসব উপলক্ষ্যে অসময়ে কার্তিকের আরাধনায় মাতোয়ারা হবে তারাপীঠ। বহু বছর আগে এলাকায় সাদামাঠা ভাবে যে পুজো শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা আজ বড়ো উৎসবের আকার নিয়েছে। থিম ও আলোকসজ্জার প্রতিযোগিতায় কোমর বেঁধে নেমেছেন পুজো উদ্যোক্তারা।

Advertisement

তারাপীঠে মা তারাই আরাধ্যা দেবী। এখানে কোনো মৃন্ময়ী মূর্তি গড়ে দেবী পুজোর চল নেই। মা তারার অঙ্গেই এখানে দুর্গা, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী, লক্ষ্মী, অন্নপূর্ণা-সহ সব দেবীর আরাধনা হয়। ফলে দুর্গাপুজোর চিরাচরিত আমেজ থেকে অনেকটাই দূরে থাকেন স্থানীয়রা। সাধারণত কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতির পুজো হলেও, তারাপীঠে তার ব্যতিক্রমী ছবি ধরা পড়ে। অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব উপলক্ষ্যে দেবী অন্নপূর্ণার পরিবর্তে কার্তিক পুজো করেন তারাপীঠবাসী। জানা গিয়েছে, প্রায় ৬৫ বছর আগে নবান্ন উৎসবের দিন তারাপীঠ মন্দির কমিটি প্রথম কার্তিক পুজোর সূচনা করেছিল। তখন একটি মাত্র পুজো ঘিরেই উন্মাদনা থাকত। বর্তমানে পুজোর সংখ্যা বেড়েছে এবং প্রতিটি মণ্ডপেই শিবের পাশাপাশি কার্তিক ও অসুরের লড়াইয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। থিমের ছোঁয়ায় এবারের পুজোয় নতুনত্বের ছাপ স্পষ্ট। তারাপীঠ মন্দির লাগোয়া স্থায়ী মণ্ডপে মৃন্ময়ী মূর্তি গড়ে পুজো করে আসছে ‘তারাপীঠ মিলন সংঘ’। মন্দিরের সেবাইতদের এই পুজো এবার ৬৫ বছরে পা দিল। তাঁদের এবারের থিম- সার্ধশতবর্ষে ‘বন্দেমাতরম’। কমিটির কার্যকরী সভাপতি গুরুশরণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া গেটের আদলে মণ্ডপসজ্জা হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে শুরু করে জাতীয় কংগ্রেসের সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে গান বিপ্লবীদের মন্ত্রে পরিণত হওয়া এবং স্বাধীনতা ও অখণ্ড ভারতবর্ষের অপূর্ণ স্বপ্নের ইতিহাস মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। পাঁচদিনব্যাপী এই পুজোয় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।
অন্যদিকে, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ গড়ে চমক দিচ্ছে ‘রবীন্দ্রপল্লী উন্নয়ন সমিতি’। ৩০ বছরে পা দেওয়া এই পুজোর অন্যতম সদস্য ঝুলন দত্ত বলেন, দুর্গাপুজোর আনন্দ আমরা এই কার্তিক পুজোয় সুদে-আসলে তুলে নিই। প্রতিবছরই নতুনত্ব কিছু করার চেষ্টা থাকে। এবারও চার দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন হয়েছে।
সব মিলিয়ে উৎসবের আমেজে এখন জমজমাট গোটা সিদ্ধপীঠ। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক বন্দ্যোপাধ্যায় জানান, অগ্রহায়ণ মাসে একদিকে নবান্ন ও অন্যদিকে কার্তিক পুজোয় মেতে উঠি আমরা। এলাকার বিবাহিত মেয়েরা এবং কর্মসূত্রে বাইরে থাকা মানুষজনও এই সময় বাড়ি ফিরে আসেন। মন্দিরের অন্যতম সদস্য তারাময় মুখোপাধ্যায় বলেন, নবান্ন উপলক্ষ্যে মা তারাকে নতুন ধানের অন্ন দিয়ে ভোগ নিবেদনের পরই মণ্ডপগুলিতে পুজো শুরু হয়।  তারাপীঠে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রবীন্দ্রপল্লী উন্নয়ন সমিতির মণ্ডপ গড়ে তোলা হচ্ছে।-নিজস্ব চিত্র