Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুনভাবে সেজে উঠছে উলুবেড়িয়া দক্ষিণের নবগ্রাম প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র

জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, নতুনভাবে সেজে ওঠা এই সুস্বাস্থ্য কেন্দ্রে একাধিক নতুন পরিষেবা পাওয়া যাবে।

নতুনভাবে সেজে উঠছে উলুবেড়িয়া দক্ষিণের নবগ্রাম প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রামের মানুষদের আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে নতুনভাবে সেজে উঠছে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কেন্দ্রের নবগ্রাম প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, নতুনভাবে সেজে ওঠা এই সুস্বাস্থ্য কেন্দ্রে একাধিক নতুন পরিষেবা পাওয়া যাবে। হাতের নাগালে উন্নত মানের সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগ ছাড়া এই কাজ সম্ভব হতো না।

Advertisement

উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা এবং শ্যামপুর ১ নম্বর ব্লকের নবগ্রাম প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র জেলার অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান। ১০ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নবগ্রাম ছাড়াও বেলাড়ি, থান্দালি এবং বালিচাতুরি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ নির্ভরশীল। অতীতে এই স্বাস্থ্যকেন্দ্রে সেভাবে চিকিৎসা পরিষেবা না পাওয়ায় গ্রামের মানুষকে ছুটতে হতো উলুবেড়িয়া হাসপাতালে। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও তুলনায় উন্নত পরিষেবা মিলছে। নবগ্রাম প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রেও একাধিক পরিষেবা চালু হয়। এবার এটি নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে রোগীদের সুবিধার্থে র‍্যাম্প করা হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের ঘরগুলিকে সংস্কার করে রং করা হচ্ছে। শয্যা সংখ্যাও আগামী দিনে  বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ দেবজিৎ চক্রবর্তী বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রে একাধিক পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। আগের তুলনায় ৪৫ শতাংশেরও বেশি মানুষ নতুন পরিষেবার সুবিধা পাবেন। এখন প্রতিদিন আউটডোরে ১৩০ থেকে ১৪০ জন মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। মাসে ২০-২৫টি প্রসব হয়। প্রতিদিনই রোগী ভর্তি হন এখানে। এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষার পাশাপাশি টিকাও দেওয়া হয়। 
দেবজিৎবাবু বলেন, এই ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের ৮০ হাজারেরও বেশি মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রটি ৫৮ গেট পর্যটন কেন্দ্র লাগোয়া। এখান থেকে কমলপুর হাসপাতাল বা উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের দূরত্ব অনেকটাই। ফলে এই বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে সরকারি চিকিৎসা পরিষেবা বলতে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি একমাত্র ভরসার জায়গা। সেকারণেই এটিকে ঢেলে সাজানো হচ্ছে। কিশলয় দত্তের কথায়, প্রতিটি ব্লকেই একটি সুস্বাস্থ্য কেন্দ্রকে আপগ্রেড করা হচ্ছে। মন্ত্রী পুলক রায় বলেন, ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতেই নবগ্রাম প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এর জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তবে শুধু নবগ্রাম নয়, এই বিধানসভা এলাকার প্রতিটি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রকেই ধাপে ধাপে সাজিয়ে তোলা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ