Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস উৎসবে মেতেছে নবদ্বীপ, ব্যাপক ভিড়, পুজো দিতে প্রতিটি মণ্ডপে দীর্ঘ লাইন

রাস উৎসবে মাতোয়ারা নবদ্বীপ। বুধবার ভোর থেকে প্রতিটি পূজা মণ্ডপে পুজো, যজ্ঞ চলে।

রাস উৎসবে মেতেছে নবদ্বীপ, ব্যাপক ভিড়, পুজো দিতে প্রতিটি মণ্ডপে দীর্ঘ লাইন
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: রাস উৎসবে মাতোয়ারা নবদ্বীপ। বুধবার ভোর থেকে প্রতিটি পূজা মণ্ডপে পুজো, যজ্ঞ চলে। পুজো দিতে প্রতিটি মণ্ডপে দীর্ঘ লাইন পড়ে যায়। বাইরে থেকে বহু মানুষ নবদ্বীপে প্রতিমা দর্শনে আসেন। সেকারণে নবদ্বীপ ধাম স্টেশন, বিষ্ণুপ্রিয়া হল্ট বাসস্ট্যান্ড ও ফেরিঘাটে এদিন ছিল যথেষ্ট ভিড়। নবদ্বীপের রাসে কিন্তু শক্তির আরাধনাই বেশি। তন্ত্রসাধক ভৃগুরামের প্রতিষ্ঠিত তেঘরিপাড়ার বড়ো শ্যামা মা। ঐতিহ্যবাহী এই মায়ের পুজোয় দন্ডি কেটে চলে প্রার্থনা। ওই এলাকায় ভড় পাড়ার মেজ শ্যামা মায়ের পুজো হয় তন্ত্রিক মতে। বড়ো শ্যামা মাতা পুজো নিয়ে উদ্যোক্তাদের দাবি, এই পুজো ৩০০ বছরের পুরনো। এছাড়া এই এলাকাতে আরও রয়েছেন দুই শ্যামা মা। সেজ ও ছোট  শ্যামা মা। 

Advertisement

রাসের প্রথম পুজো এলানিয়া কালী, অন্যতম প্রাচীন ব্যাদরা পাড়া ও আমপুলিয়া পাড়ার শব শিবা, দণ্ডপাণিতলা মুক্তকেশী, যোগনাথ তলার গৌরাঙ্গিণী মাতা, চারিচারা বাজার ও হরিসভা পাড়ার ভদ্রকালী, শ্রীবাস অঙ্গন রোডের বিন্ধ্যবাসিনী, বড়ালঘাটের ভুবনেশ্বরী, ফাঁসিতলার কৃষ্ণ কালী মাতা, মহাপ্রভু পাড়ার গোঁসাই গঙ্গা,আমড়াতলা ও বঙ্গপাড়ার মহিষমর্দিনী, প্রাচীন মায়াপুরের মহাচক্র রাস, রাম গোবিন্দ রোডের ভারত মাতা, পোড়ামা তলার মহিষমর্দিনী, পূজা মণ্ডপে সকাল থেকেই বহু দর্শনার্থী ভিড় জমান। এবছর গৌরাঙ্গিণী মাতার প্রসাদ বিলির জন্য ১৩ কুইন্টাল পুষ্পান্নের ভোগ হবে বলে জানা গিয়েছে। পোড়ামা মন্দিরে নবমী পুজোর উন্মাদনা না থাকলেও এদিন হাইকোর্টের নির্দেশ মেনে প্রতিটি পুজো কমিটির তিন থেকে পাঁচ জন সদস্য পোড়ামা মন্দিরে পুজো দিতে আসেন।এদিন মণিপুর ঘাট থেকে স্নান করে প্রায় দেড় কিলোমিটারের বেশি রাস্তায় দণ্ডি কাটেন পুণ্যার্থীরা। শুধু নদীয়া নয়, পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্ত এমনকী, হুগলি থেকেও বহু মানুষ এখানে দণ্ডি কেটে মানতের পুজো দিতে ভিড় করেন।
শান্তিপুর দিগনগরের গৃহবধূ সুনীতি দেবনাথ বলেন, আমি বড় শ্যামার কাছে দণ্ডি কাটলাম। আমার  শ্বশুর মশাইয়ের প্যারালাইসিসের মত হয়েছিল। তখন আমি মায়ের কাছে মানত করে বলেছিলাম শ্বশুরমশাই যদি সুস্থ হয়ে হাঁটতে পারেন আমি মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেবো।
নবদ্বীপের ঢাকানগর কলোনির বাসিন্দা বৃদ্ধ মাখন হালদার বলেন, মায়ের কাছে মানত করেছিলাম শরীর খারাপের সময়। আমি বর্তমানে পুরোপুরি সুস্থ। আজ দণ্ডি কাটলাম।
আবার তেঘরিপাড়ার বাসিন্দা গৃহবধূ রত্না দেবনাথ বলেন, আমার বোন স্বপ্না সাহা মায়ের কাছে দণ্ডি কাটলো। আমার বোনের ছেলে ছোটবেলায় ভালোভাবে কথা বলতে পারতো না। বোন তখন মায়ের কাছে মানত করেছিল। বোনের সাত বছরের ছেলে সায়ন এখন  পরিষ্কারভাবে কথা বলতে পারে। 
তেঘরিপাড়ার বাসিন্দা গৃহবধূ সোমা কর্মকার প্রতিবছর রাস পুজোর দিন মায়ের মন্দিরের কাছে ভোগের দোকান পেতে বসেন। হাজার হাজার মানুষ বড় শ্যামার কাছে পুজো দিতে আসেন। জবা ফুলের মালা থেকে শুরু করে ভোগের সব রকম ডালি বিক্রি হচ্ছে। ভোগ  ৩১ টাকা থেকে শুরু করে ৫১ টাকা ১০১ টাকা আর মালা ৫০ থেকে ১০০  টাকা বিক্রি হচ্ছে। গবেষক শান্তিরঞ্জন দেব জানান, মানতকে শুদ্ধভাবে বললে মানস বলা হয়। চলতি কথায় যা মানত হয়েছে। ভক্ত, ভগবানের থেকে কিছু পাওয়ার আশায় বা তাঁর অভিষ্ট পূরণ করতে মনের সংকল্প মনে মনেই কামনা করেন। কামনা বাস্তবায়ন হওয়ায় যে পুজো বা সংকল্প করা হয়, তাই মানস বা মানতের পুজো। বুধবার হয়েছে রাস পুজো। আজ, বৃহস্পতিবার প্রতিমা নিয়ে শোভাযাত্রা (আড়ং)। তবে এবছর শোভাযাত্রায় প্রতিমার সংখ্যা বেড়ে যাওয়ায় শুক্রবারও আড়ং হবে। ৮ নভেম্বর নবদ্বীপ পুরসভার পরিচালনায় হবে কানির্ভাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ