নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ছিল এ গ্রেড। অনেকেরই প্রত্যাশা ছিল, এবার ন্যাকের মূল্যায়নে এ প্লাস পাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। কিন্তু, স্বপ্নভঙ্গ হয়েছে ছাত্রছাত্রী থেকে আধিকারিকদের। ন্যাকের মূল্যায়নে আরও পিছিয়ে গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বি প্লাস প্লাস গ্রেড পেয়েছে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়। অনেকে অবশ্য বলছেন, এটাই প্রত্যাশিত ছিল। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় একাধিকবার বিতর্কে জড়িয়েছে। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসির পদ ফাঁকা ছিল। কয়েকটি সেমেস্টারের ফলাফল সময়ে বের হয়নি। তা নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছিল। পরে স্থায়ী ভিসি এলেও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ততটা উন্নত হয়নি। গুরুত্বপূর্ণ বাংলা বিভাগে ন্যাকের পরিদর্শকরা না যাওয়ায় বিতর্ক আরও জোরদার হয়েছে। বিভিন্ন কারণে ন্যাকের বিশ্লেষণে বিশ্ববিদ্যালয়ের অবনমন হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রেজিস্ট্রার অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমরা রিভিউতে যাচ্ছি। এক আধিকারিক বলেন, এটা অনেকটা পরীক্ষার ফলাফলের মতো। কোনও একটা ক্লাসে মেধাবী ছাত্রের ফল খারাপ হলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না। পরের পরীক্ষায় নজরকাড়া ফলাফল করে সবাইকে চমকে দিতেই পারে। বিশ্ববিদ্যালয়ে বেশকিছু সমস্যা আগে থেকেই ছিল। এটা মানতে অসুবিধা নেই। অনেকেই বলছেন, এখন ন্যাকের মূল্যায়ন না করালেই ভালো হতো। কিন্তু সেটা ঠিক নয়। জুনের মধ্যে মূল্যায়ন না করা গেলে নানা সমস্যা হতে পারত। এই মূল্যায়নে হতাশ হওয়ার কিছু নেই। পরেরবার ভালো ফল হবেই। সেভাবেই প্রস্তুতি নেওয়া হবে।



