Bartaman Logo
১০ জুন, ২০২৬

না জানিয়েই মুছে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট, কেন্দ্রকে সুপ্রিম-নোটিস

না জানিয়েই মুছে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট, কেন্দ্রকে সুপ্রিম-নোটিস
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ব্যবহারকারীকে না জানিয়েই ফেসবুক-এক্স থেকে মুছে দেওয়া হচ্ছে পোস্ট। এমনকী অ্যাকাউন্ট পর্যন্ত ‘ব্লক’ করে দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফের বাকস্বাধীনতা হরণের অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের দিকে আঙুল তুলেই ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি অধিনিয়মের ২১ নম্বর বিধি বাতিলের আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালত সেই আর্জি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল। কেন বিনা নোটিসে মুছে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট— তা নিয়ে এবার নোটিস দিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ ম্যাসির বেঞ্চ। পরবর্তী শুনানির আগেই জবাব দিতে হবে মোদি সরকারকে। 
Advertisement
এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল ‘সফ্টওয়্যার ফ্রিডম ল সেন্টার’। তাদের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, ‘কাউকে না জানিয়ে তাঁর পোস্ট মুছে দেওয়া আসলে সাধারণ বিচার প্রক্রিয়ার নিয়মভঙ্গের শামিল। সরকার চাইলেই কোনও তথ্য মুছে দিতে পারে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করছি না। কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার আগে যিনি সেই তথ্য প্রকাশ্যে এনেছেন, তাঁকে একটা নোটিস দেওয়া উচিত।’ ইন্দিরার মতে, আইন অনুযায়ী এমন পদক্ষেপ নেওয়ার আগে পোস্টদাতা বা সোশ্যাল মিডিয়া সংস্থাকে নোটিস দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সরকার শুধু সংস্থাকেই বিষয়টি জানায়। সওয়াল শেষে বিচারপতি গাভাইও বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়, সমাজমাধ্যমের কোনও পোস্ট আপত্তিকর হলে যদি সেই পোস্টদাতাকে শনাক্ত করা যায়, তবে তাঁর কাছে নোটিস দিয়ে বিষয়টি জানানো দরকার। তারপর পদক্ষেপ করা উচিত।’
Advertisement
সম্পর্কিত সংবাদ