Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসন্তীর নার্সিংহোমে যুবতীর মৃত্যু ঘিরে রহস্য

এক যুবতীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। রবিবার রাতে কয়েকজন যুবক ওই যুবতীকে বাসন্তীর একটি নার্সিংহোমে ভর্তি করে চলে যান।

বাসন্তীর নার্সিংহোমে যুবতীর মৃত্যু ঘিরে রহস্য
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক যুবতীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। রবিবার রাতে কয়েকজন যুবক ওই যুবতীকে বাসন্তীর একটি নার্সিংহোমে ভর্তি করে চলে যান। ওই যুবতীর অবস্থার অবনতি হলে বাসন্তী থানার পুলিসকে খবর দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপর তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় ওই যুবতীর। কারা রেখে গেল তাঁকে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চারজন যুবক ওই যুবতীকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। নার্সিংহোমে ভর্তি করার সময় তারা জানায়, তমলুকের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর গাড়ি রেখে আসছি বলে সেই যে যায়, আর ফেরেনি। নার্সিংহোম কর্তৃপক্ষকে যে নথি ও ফোন নম্বর দেওয়া হয়েছিল, সেগুলি যাচাই করা হচ্ছে। পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবকদের বক্তব্য কতটা সত্যি, তা এখন খতিয়ে দেখছে ক্যানিং থানা। ওই যুবতীকে যৌন নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ