মথুরা: প্রেমানন্দ মহারাজে শিষ্য দীপক লোধি ওরফে রসিক দুলারি শরণের মৃত্যু ঘিরে ঘনিভূত হচ্ছে রহস্য। গত ২৫ সেপ্টেম্বর বৃন্দাবনের গুরু কৃপা কুঞ্জ আশ্রমের চারতলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করে। তবে তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ফলে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ আশ্রমের বাইরে রাস্তায় দীপককে পড়ে থাকতে দেখা যায়। সিসি ক্যামেরা ফুটেজে তাঁকে চারতলা থেকে পড়তে দেখা গিয়েছে। তাঁর গলায় একটি সবুজ চাদরও ছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পর ময়নাতদন্তে দীপকের শরীরে ছ’টি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাঁর পায়ের একটি হাড়ে চিড় ও মাথায় ক্ষত ছিল। তাঁর যৌনাঙ্গও কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার তদন্তে আশ্রমের ঘর থেকে একটি গ্রাইন্ডার উদ্ধার করেছে পুলিশ। ফরেন্সিক দলের সাহায্যে ওই যন্ত্রে কারও আঙুলের ছাপ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশ্রমের কয়েকজন কর্মী ও পরিচালককে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।