সংবাদদাতা, কাকদ্বীপ: প্রাথমিক স্কুলের বারান্দা থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে ঘিরে সাগর থানা এলাকার বঙ্কিমনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বুদ্ধদেব জানা (২২)। ঘটনাটি ঘটেছে বুধবার। জানা গিয়েছে, চেমাগুড়ির এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। দিন আটেক আগে ওই কিশোরী ফোন করে বুদ্ধদেবকে তাঁর বাড়িতে ডাকে। তিনি সেখানে গেলে প্রেমিকার পরিবারের সদস্যরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, বুদ্ধদেবকে জোর করে একটি সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়েছিল যে, তিনি ওই কিশোরীর থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেই টাকা পরিশোধের অঙ্গীকারপত্রও লেখানো হয়। শুধু তাই নয়, ওই রাতে প্রেমিকের বাবাকে ডেকেও নানাভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বুদ্ধদেব। বাড়িতে তাঁর চিকিৎসাও চলছিল। বুধবার বিকেলে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্কুলের বারান্দা থেকে। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



