দমদমে ফ্ল্যাটে বাবা ও পালিত ছেলের  দেহ উদ্ধার ঘিরে রহস্য,তদন্তে পুলিশ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমের শেঠবাগানে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক বেসরকারি ব্যাংকের প্রাক্তন কর্মী ও তাঁর পালিত পুত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন, তপন চট্টোপাধ্যায় (৭২) ও মহম্মদ সুরজ হোসেন ওরফে সূর্য (২১)। শুক্রবার সন্ধ্যার নাগেরবাজার থানা এলাকার এ ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। রান্নার গ্যাসের ওভেনের নব খোলা থাকায় গোটা ফ্ল্যাটে ঝাঁঝালো গন্ধ ছিল। অন্যদিকে, তপনবাবুর  কান থেকে রক্ত গড়িয়ে বিছানাতেও পড়েছিল। অন্য ঘরে পড়ে ছিল পালিত পুত্রের মৃতদেহ। গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু নাকি খুনের ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা বেড়েছে। স্থানীয়দের অনুমান, বৃদ্ধকে খুন করে আত্মঘাতী হতে পারেন তাঁর পালিত পুত্র। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। 

Advertisement

শেঠবাগান জলের দোকান মোড়ের পাঁচতলা আবাসনের বাসিন্দা তপন চট্টোপাধ্যায়। বৃদ্ধ তপনবাবু ও তাঁর স্ত্রী স্মৃতিকনাদেবী বেসরকারি ব্যাংকের প্রাক্তন কর্মী। নিঃসন্তান দম্পতি যেখানে চাকরি করতেন, সেই ব্যাংক লাগোয়া রাস্তায় ‘অনাথ’ মহম্মদ সুরজ হোসেন ঘুরে বেড়াত। প্রায় ১৫ বছর আগে এই দম্পতি সুরজকে নিজেদের কাছে নিয়ে এসে সন্তান স্নেহে মানুষ করেন। নাম দেন সূর্য। পড়াশুনো করান ভালো স্কুলে। কিন্তু সূর্য বড় হতে না হতেই নেশার কবলে পড়ে। এনিয়ে তপনবাবু ও তাঁর স্ত্রীর সঙ্গে অল্পবিস্তর ঝামেলা হতো। স্মৃতিকনাদেবী চলতি বছরের জুন মাসে মারা যান। এরপর ওই ফ্ল্যাটে বৃদ্ধ তপনবাবু ও সূর্য থাকতেন। তপনবাবুর বয়সজনিত সমস্যার পাশাপাশি ডায়ালসিস করতে হত। গত সপ্তাহেও তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল।  
শুক্রবার সকাল থেকে তপনবাবুর ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। দুধওয়ালা, পেপার দেওয়ার হকার, পরিচারিকা এসে বিস্তর ডাকাডাকি করে ফিরে যান। দরজা ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি করলেও কোনো সাড়া নেই—বিষয়টি জানতে পেরে তপনবাবুর এক আত্মীয় নাগেরবাজার থানায় ঘটনাটি জানান। বাবা ও ছেলের মোবাইলের টাওয়ার লোকেশন চেক করে পুলিশ। দেখা যায় দুটি মোবাইলই ফ্ল্যাটের মধ্যে রয়েছে। দ্রুত নাগেরবাজার থানা ও ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ ফ্ল্যাটে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। ফ্ল্যাটের মধ্যে তখন গ্যাসের ঝাঁঝালো গন্ধ। পুলিশ প্রথমে গ্যাসের ওভেন বন্ধ করার পাশাপাশি বিদ্যুতের মেন লাইন অফ করে। এরপর দুটি বেডরুমে বাবা ও ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তদন্তকারীরা জানিয়েছেন, বৃদ্ধের দেহ বিছানায় শোয়া অবস্থায় ছিল। মশারিও টাঙানো ছিল। পাশের ঘরের খাটে বৃদ্ধের পালিত ছেলের দেহ পড়েছিল। ওই ঘর থেকে মদের বোতল, বিঁড়ি ও গুটকার পুরিয়া পাওয়া গিয়েছে। দু'জনের শরীরে বড় কোনও আঘাতের চিহ্ন নেই। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাচ্ছে না।