Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ফ্ল্যাটে যুবকের মৃত্যু ঘিরে রহস্য, পলাতক মালিক

বহরমপুরে ফ্ল্যাটে যুবকের মৃত্যু ঘিরে রহস্য, পলাতক মালিক
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের গোরাবাজারে ফ্ল্যাট থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম তাহিল শেখ(২৬)। বাড়ি চালতিয়া দরগাতলা এলাকায়। বুধবার সকালে বহরমপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সামাদ রোডে একটি ফ্ল্যাটে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিস এসে তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক তাহিলকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে এনেছিল। পঞ্চমতলের ওই ফ্ল্যাটে মঙ্গলবার চার-পাঁচজন যুবক তাহিলের সঙ্গে ঢোকে। তারপর সারা রাত তাহিল বাড়ি ফেরেননি। এদিন সকালে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও মুখ ও গলা পুরো কালো হয়ে রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলার এক যুবক আব্দুস সামাদ রোডে ওই ফ্ল্যাট কিনে রেখেছিল। মাঝেমধ্যেই সে ফ্ল্যাটে এসে থাকত। তখন ওই ফ্ল্যাটে মদের আসর বসত। প্রায়ই মদের আসরে ওই ফ্ল্যাটের মালিক তার বন্ধু বান্ধব ও পরিচিতদের ডেকে আনত। সেখানে তাহিলও অংশ নিতেন। মাঝে মধ্যেই তাহিল রাতে বাড়ি ফিরতেন না। মঙ্গলবার রাতেও আসর বসেছিল কি না, খতিয়ে দেখছে পুলিস। ঘটনার পর থেকে ওই ফ্ল্যাট মালিক পলাতক। আর কারা কারা সেখানে ছিল, তার খোঁজখবর শুরু করেছে বহরমপুর থানার পুলিস। ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। পুলিস জানিয়েছে, কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিয়ে ধন্দ রয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর রহস্যজট খুলবে। যে বন্ধু ওই যুবককে ডেকে নিয়ে গিয়েছিল, তার খোঁজ চলছে। 
মৃত যুবকের বন্ধু সোনু শেখ বলেন, ওই ফ্ল্যাটের মালিক এদিন সকালে এসে আমাকে জানায় তাহিল অজ্ঞান হয়ে ওর ফ্ল্যাটে পড়ে আছে। আমি তাকে বলি, তাহিলের বাড়ির লোকজনকে জানাতে। সেটা না জানিয়ে আমার কাছে কেন এসেছে। সেই শুনে ও পালিয়ে যায়। তারপর থেকে ওর কোনও খোঁজ মিলছে না বলেই শুনেছি। 
ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত যুবকের প্রতিবেশী আরশাদ শেখ বলেন, তাহিল মাঝেমধ্যে নেশা করত। তবে রমজান থাকায় গত ১০-১২ দিন ধরে ও কোনও নেশা করছে না। মঙ্গলবার রাতে কী হয়েছে, তা যথেষ্ট রহস্যজনক। পুলিস তদন্ত করে এই মৃত্যুর আসল কারণ খুঁজে বের করুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ