বন্ধুর স্ত্রীর সঙ্গে মদ্যপানের সময় ‘রহস্যমৃত্যু’, চাঞ্চল্য গারুলিয়ায়
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বন্ধুর স্ত্রীর সঙ্গে মদ খাওয়ার সময় এক মাঝবয়সি ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর শান্তিগড়ে। মৃতের নাম সৌমেন সরকার ( ৫৩)। গারুলিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অঞ্জনগড়ের বাসিন্দা সৌমেন ছিলেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার।

Advertisement

শ্যামনগর শান্তিগড়ে নির্মীয়মাণ একটি আবাসনের ফ্ল্যাটে থাকেন মণ্ডল দম্পতি। মঙ্গলবার রাতে সৌমেনবাবু ওই ফ্ল্যাটে আসেন। তখন ফ্ল্যাটে গৃহকর্তা ছিলেন না। ফলে গৃহকর্তার স্ত্রী অন্তরা মণ্ডল এবং সৌমেন মিলে ফ্ল্যাটে মদ্যপান করেন। অন্তরাদেবীর দাবি, সৌমেন তাঁদের পরিবারিক বন্ধু। প্রতিদিন তাঁরা একসঙ্গে মর্নিং ওয়ার্কে যেতেন। ফোনে মেসেজ করে তাঁর বাড়িতে আসার কথা বলেন সৌমেন। তিনি তাতে রাজিও হন। এরপর ফ্ল্যাটে তাঁরা দু’জনে মদ্যপান করেন। মহিলার দাবি, মদ্যপান করার পর চেয়ার থেকে উঠে বাড়ি যাবার সময় সৌমেন মেঝেতে পড়ে যান এবং তাঁর মৃত্যু হয়। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে, নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।