সংবাদদাতা, ঘাটাল: চন্দ্রকোণা থানায় পুলিশি হেফাজতে যুবক রাহুল রুইদাসের (২০) রহস্যমৃত্যুর ঘটনায় এ বার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পরিবারের আইনজীবী সমীরকুমার ঘোষ জানান, মৃতের বাবা বিফল রুইদাসের দায়ের করা মামলার শুনানিতে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। ঘটনায় যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে, তার ফলাফল জানিয়ে আগামী বছরের ৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন পুলিশ সুপারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সোমবার হাইকোর্টে মামলাটির শুনানিতে আবেদনকারী বিফলবাবুর পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সুপ্রতিম ধর। তিনি আদালতে জানান, গত ১০ সেপ্টেম্বর রাহুলকে গ্রেফতার করেছিল পুলিশ এবং ১৩ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়। এটি হেফাজতে মৃত্যুর ঘটনা বলে অভিযোগ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি। এ দিন শুনানিতে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার চন্দ্রকোণা থানার ওসি’র গত ১৮ নভেম্বরের একটি রিপোর্ট আদালতে জমা দেন। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ১৩ সেপ্টেম্বর রাহুলের মৃত্যুর পরেই ১৪ সেপ্টেম্বর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং সেই অনুযায়ী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে। ঘাটালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গত ১৫ সেপ্টেম্বরের একটি নির্দেশনামাও হাইকোর্টে পেশ করা হয়। ওই নির্দেশে থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা এবং মৃতের পরিবারকে বিষয়টি জানানোর কথা বলা হয়েছিল। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত প্রক্রিয়াধীন থাকায় বিচারপতি মামলার শুনানি আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখেন এবং ওই দিন তদন্তের অগ্রগতি ও ফলাফল জানিয়ে পুলিশ সুপারকে রিপোর্ট পেশের নির্দেশ দেন।
সমীরবাবু বলেন, গত ১০ সেপ্টেম্বর রাতে চন্দ্রকোণা শহরের সুরের হাট মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে বাগেশ্বরপুরের বাসিন্দা রাহুল সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঘাটাল আদালতে তোলা হলে বাকি দু’জনের জেল হেফাজত এবং রাহুলের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর থানাতেই মৃত্যু হয় রাহুলের। পুলিশের দাবি ছিল, থানার শৌচাগারে নিজের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে রাহুলের বাবার অভিযোগ, তাস খেলার আসর থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে থানার মধ্যেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাঁর ছেলেকে। এর আগে দোষীদের শাস্তির দাবিতে ঘাটাল এসিজেএম আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। এ বার হাইকোর্টের নির্দেশের পর তদন্তের অভিমুখ কোন দিকে গড়ায়, সে দিকেই তাকিয়ে সব মহল।



