Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু, সিতাইয়ে চাঞ্চল্য

সিতাই ব্লকের বি আর চাত্রা গ্রামে অল্প সময়ের ব্যবধানে একাধিক গবাদি পশুর মৃত্যু ও একই পরিবারের তিনজনের রহস্যজনক প্রাণহানিতে চাঞ্চল্য ছড়িয়েছে। কুড়িদিনের মধ্যে পরপর তিনটি অস্বাভাবিক মৃত্যু ও পশুর অসুস্থতা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।

একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু, সিতাইয়ে চাঞ্চল্য
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: সিতাই ব্লকের বি আর চাত্রা গ্রামে অল্প সময়ের ব্যবধানে একাধিক গবাদি পশুর মৃত্যু ও একই পরিবারের তিনজনের রহস্যজনক প্রাণহানিতে চাঞ্চল্য ছড়িয়েছে। কুড়িদিনের মধ্যে পরপর তিনটি অস্বাভাবিক মৃত্যু ও পশুর অসুস্থতা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।

Advertisement

এই অস্বাভাবিকতার খবর পেয়ে মঙ্গলবার গ্রামে যান জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। উপস্থিত ছিল সিতাই ব্লক প্রশাসন, স্বাস্থ্যদপ্তর, পুলিস ও প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধিরা। তাঁরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং পুরো পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিস্থিতি বিবেচনায় এদিন গ্রামে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় মানুষকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয় এবং কিছু প্রতিরোধমূলক ওষুধ বিতরণ করে স্বাস্থ্যদপ্তর। বিশেষজ্ঞদের মতে, এখনও চূড়ান্তভাবে মৃত্যুর কারণ নির্ধারিত না হলেও সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখন অবধি পাঁচটি ছাগল ও চারটি গোরু মারা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। বুধবার থেকে ওই এলাকায় গবাদি পশুদের টিকাকরণ শুরু হবে। দ্রুত এই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। গবাদি পশু এবং মানুষের পৃথকভাবে লালা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসা পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণের সম্ভাবনা এড়াতে মৃত পশুর দেহ গভীর গর্ত করে মাটির নীচে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে।
এলাকায় এখন উদ্বেগ ও ভয়ের আবহ। কী কারণে এমন পরপর মৃত্যু ঘটল, তা জানতে সকলেই তাকিয়ে রয়েছেন পরীক্ষার রিপোর্টের দিকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপোর্ট হাতে এলেই যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিতাইয়ের বিডিও নিবিড় মণ্ডল বলেন, ওই এলাকায় সচেতনতামূলক ক্যাম্প করা হয়েছে এদিন। গবাদি পশু ও মানুষের থেকে পৃথকভাবে লালা সংগ্রহ করা হয়েছে। বুধবার থেকে গবাদি পশুদের ভ্যাকসিনেশন শুরু হবে। স্থানীয় মানুষদের প্রিভেন্টিভ ওষুধপত্র দিয়েছে স্বাস্থ্যদপ্তর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ