Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতার ফ্ল্যাটে পরিচারকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব বরাকরের পরিবার

কলকাতার ফ্ল্যাটে পরিচারকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব বরাকরের পরিবার
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কলকাতার চারুমার্কেট এলাকায় অভিজাত আবাসন থেকে যুবকের রহস্যমৃত্যুতে উদ্বেগ ছড়াল বরাকরে। মৃত যুবক অবিনাশ বাউরির বাড়ি কুলটি থানার বরাকর লখিয়াবাদ এলাকায়। এলাকার অত্যন্ত ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল অবিনাশ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের দাবি, অবিনাশকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওই যুবক যে বাড়িতে পরিচারকের কাজ করতেন তার মালিককে সন্দেহের বাইরে রেখেছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, এর পিছনে অন্য কেউ থাকতে পারে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরাকরের এক ব্যবসায়ী কলকাতায় বসবাস শুরু করেন। ছোট থেকেই অবিনাশের পরিবারের সঙ্গে ওই ব্যবসায়ীর পরিবারের ভালো সম্পর্ক ছিল। অবিনাশকে ছোট থেকেই কলকাতায় পারিচারক হিসেবে নিয়ে যায় তারা। এরপর সবকিছু স্বাভাবিক ছিল। অবিনাশ কলকাতাতেই বড় হন। বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে দেখা করতে আসতেন। হোলির সময়ও অবিনাশ বাড়ি এসেছিলেন। শনিবারও অবিনাশের বরাকর আসার কথা ছিল। অবিনাশের অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু বাড়ির ছেলে ফিরে আসেননি। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মৃত্যুসংবাদ পায় পরিবার। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের মা গণি বাউরি বলেন, ওই ব্যবসায়ীকে আমাদের কোনও সন্দেহ হয় না। উনি অত্যন্ত ভালো মানুষ। ছেলে যখনই বাড়িতে ফোন করত না ওঁর পরিবারের কাছে যেতাম। তাঁরাই অবিনাশের সঙ্গে আমাদের কথা বলিয়ে দিত। প্রায় ১৪ বছর ওখানে আছে। আগে কোনও অসুবিধা তো হয়নি। মৃতের বাবা সুধীর বাউরি বলেন, আমার ছেলে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। ওকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মৃতের আত্মীয় ধনঞ্জয় বাউরি বলেন, অবিনাশ খুবই ভালো ছেলে ছিল। ওর যে কেউ শত্রু থাকতে পারে আমরা ভাবতেই পারছি না। বরাকরের তৃণমূল নেতা অভিষেক সিং বলেন, ভালো ছেলে হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। কলকাতায় থাকলেও বরাকরে মাঝেম঩ধ্যেই আসতেন। 
রবিবার বরাকরের বাড়িতে শোকের ছায়া নামে। মৃতের বাড়িতে ভিড় জমান আত্মীয়-পরিজনরা। ছেলের ছবি কোলে নিয়ে কাঁদছেন বাবা ও মা। জানা গিয়েছে, শনিবার বিকেলে অভিজাত আবাসনের দরজা বন্ধ ফ্ল্যাট থেকে এক পরিচারিকা রক্ত গড়িয়ে আসতে দেখেন। তারপরই তিনি আবাসনের নিরাপত্তারক্ষীকে ডাকেন। পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস বন্ধ ফ্ল্যাট থেকেই অবিনাশের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, শনিবার মালিকের সঙ্গে পারিচারক অবিনাশের বরাকর ফেরার কথা ছিল। রবিবার ঘটনাস্থলে পুলিস কুকুর এনে তল্লাশি চালায় কলকাতা পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ