সংবাদদাতা, কালনা: রোজগারের জন্য উত্তরপ্রদেশে নাচতে গিয়ে কালনার এক যুবতীর রহস্যমৃত্যু হল। তাঁর পরিবারের অভিযোগ, উত্তরপ্রদেশে যেখানে মেয়েটি গিয়েছিল, সেখান থেকে বলা হয়েছে, তাঁদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু পরিবারের দাবি, মেয়ে আত্মহত্যা করতে পারে না। এর পিছনে অন্য রহস্য রয়েছে। কালনা স্টেশন লাগোয়া এলাকার ওই বাড়ির লোকজন যুবতীর মৃত্যুর খবর পেয়ে উত্তরপ্রদেশ গিয়েছেন।
কালনা স্টেশন লাগোয়া এলাকায় বেশ কিছু দুঃস্থ পরিবার রয়েছে। ওই সমস্ত পরিবারের পুরুষ-মহিলারা দিনমজুরি থেকে পরিচারিকার কাজ করেন। এসমস্ত পরিবারের অল্পবয়সি মেয়েদের ভালো রোজগারের টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে। তাঁদের বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কাজের সুযোগ অথবা নাচের মাধ্যমে ভালো টাকা রোজগারের প্রলোভন দেখানো হয়। ইতিমধ্যেই সেই ফাঁদে পা দিয়ে অনেক মেয়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে। তাদের কেউ কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলেও অনেকেরই পরিবারের সঙ্গে আর যোগাযোগ নেই।
এই যুবতী দু’বছর আগে এই চক্রের খপ্পরে পড়েন। তিনি একমাত্র সন্তানকে রেখে পরিবারের কাউকে না জানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। বেশ কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকলেও পরে যোগাযোগ হয়। তিনি পরিবারকে জানান, উত্তরপ্রদেশের বালিয়ার সিকন্দরপুরে এক যুবকের সঙ্গে রয়েছেন। শনিবার সকালে সেখান থেকে ফোনে যুবতীর মাকে জানানো হয়, তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। এরপরই তড়িঘড়ি পরিবারের লোকজন উত্তরপ্রদেশ রওনা দেয়।রবিবার ওই যুবতীর মা বলেন, বৃহস্পতিবার মেয়ে ফোনে আমাকে জানিয়েছিল, দু’দিনের মধ্যে ও কালনায় আসবে। তারপর শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফোনে আমাকে মেয়ের আত্মঘাতী হওয়ার খবর জানানো হয়। মেয়েকে ওখানে নাচতে হতো। ওকে মদ খাওয়ানোও হতো। যে মেয়ে বাড়ি আসতে চেয়েছিল, সে আত্মহত্যা করতে পারে না। আমরা সিকন্দরপুরে এসে পুলিসের সঙ্গে কথা বলেছি। পুলিস বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে। ময়নাতদন্তের পর দেহ কালনায় নিয়ে যাব।