Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে অবৈধ জলের ব্যবসা আটকাতে অভিযান চালাল পুলিস

ময়নাগুড়িতে অবৈধ জলের ব্যবসা আটকাতে অভিযান চালাল পুলিস
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: কোনও নথি ছাড়াই ময়নাগুড়ি শহরজুড়ে রমরমিয়ে জলের ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে সুভাষনগরে একটি জলের কারখানা সিল করে দেওয়া হল। প্রশাসন জানিয়েছে, জলের ব্যবসা যারা করছে তাদের উপযুক্ত নথিপত্র থাকতে হবে। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
Advertisement
এদিন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে পুলিস সুভাষনগর এলাকায় একটি জলের কারখানায় অভিযান চালায়। দেখা যায় পাইপে করে জারে জল ভর্তি করা হচ্ছে। আইসি কারখানার মালিক বৈদ্যনাথ দে’কে প্রয়োজনীয় কাগজ দেখাতে বলেন। কিন্তু তিনি কাগজ দেখাতে পারেননি। এরপর কারখানাটি পুলিসের তরফে সিল করে দেওয়া হয়। ময়নাগুড়ি শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জলের ব্যবসা। কোনও অনুমতি ও স্বাস্থ্যবিধি না মেনেই ভূগর্ভ থেকে জল তুলে তা বাড়ি বাড়ি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এক একটি জার ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও আবার অপরিচ্ছন্ন স্থানে জলের ব্যবসা খুলে বসেছেন একাংশ ব্যবসায়ী। এখন থেকে এনিয়ে লাগাতার অভিযান হবে বলে জানিয়েছেন আইসি সুবল ঘোষ। বৈদ্যনাথ দে বলেন, আমার কাছে কোনও কাগজ নেই। কাগজ বানিয়ে ব্যবসা করা সম্ভব নয়। সে কারণেই কোনও কাগজ করা হয়নি। উল্লেখ্য, ময়নাগুড়ির জল ব্যবসায়ীরাই জানিয়েছেন শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে শতাধিক জলের কারখানা চলছে। তাদের মধ্যে বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই।
সম্পর্কিত সংবাদ