Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে বাইক আটকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ, চাঞ্চল্য

ময়নাগুড়িতে বাইক আটকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ, চাঞ্চল্য
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে এক ব্যক্তির বাইক আটকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মারধরে জখম ওই ব্যক্তি বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে জখম ব্যক্তির স্ত্রী একজনের নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি এই ঘটনায় আরও বেশ কয়েকজন অজ্ঞাতপরিচিতও জড়িত বলে তাঁর দাবি। অভিযুক্তের তরফেও থানায় পাল্টা মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। তিনিও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিস। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির দ্বারিভিজা সেতু সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে।
Advertisement
কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা সুকান্ত বর্মন ময়নাগুড়িতে একটি দোকানে কাজ করেন। শনিবার তিনি বেতনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্বারিভিজা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে কয়েকজন তাঁর পথ আটকায়। লোহার রড দিয়ে তাঁকে মারধর করে। সুকান্তবাবু জখম হয়ে পড়ে গেলে দুষ্কৃতীরা তাঁর পকেটে থাকা ৫০০০ টাকা ছিনতাই করে চম্পট দেয়। তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দ্রুত জলপাইগুড়িতে রেফার করেন। 
অপরদিকে যে ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের মূল অভিযোগ, সেই এজাবুল হকও অসুস্থ। তাঁর দাদা মুজিবুল হক ময়নাগুড়ি থানায় সুকান্ত বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুজিবুল হক বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আমার ভাই বাইক নিয়ে যখন যাচ্ছিল, তখন তাকে দেখে গালিগালাজ করে। ভাই প্রতিবাদ করার কারণে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে। বর্তমানে ভাই চিকিৎসাধীন রয়েছে। ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। সুকান্তবাবুর স্ত্রী পিঙ্কি রায় বর্মন বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। টাকা ছিনতাই করতেই আমার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে। আমরা অভিযুক্তের শাস্তি চাই।
সম্পর্কিত সংবাদ