বাঙালি মানেই পাতে থাকতেই হবে লুচি, আলুভাজা বা মাছভাজার মতো পদ! আর ভাজাভুজি তেল ছাড়া হয় নাকি! শুধু ভাজা নয়, তরকারি রান্নাতেও লাগে তেল। এখন প্রশ্ন একটাই, কোন তেল স্বাস্থ্যের পক্ষে উপকারী? কারণ বাঙালির হেঁশেলে সর্ষের তেল আর সাদা তেলের লড়াই দীর্ঘদিনের। সর্ষের তেলে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে। সর্ষের তেল ভালো কোলেস্টেরল বাড়িয়ে খারাপ কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা নেয়। আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ, দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং ক্যানসারের ঝুঁকি কমাতেও এই তেলের ভূমিকা রয়েছে। এই তেলে থাকা ভিটামিন এ এবং প্রোটিন ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত সেবনে হজমের সমস্যা হতে পারে। অন্যদিকে, সাদা তেল বা রিফাইন তেল হালকা ও সহজপাচ্য। এই তেলে থাকা মনো ও পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য ভালো। উচ্চ তাপে রান্নার জন্য এই তেল আদর্শ এবং এর কোনো তীব্র গন্ধ নেই।



