নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘জেলবন্দি’ দশা ভালো লাগছে না ইন্দ্রনীল সেনের! ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে অভিযুক্ত প্রাক্তন এই মন্ত্রী বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। জেল সূত্রের খবর, সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক। খাওয়া-দাওয়ার প্রতিও খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। পড়ছেন না সংবাদপত্র, দেখছেন না টিভি। রাজ্যে পালা বদলের আগে ক্ষমতার ‘ভরকেন্দ্রে’ থাকা ইন্দ্রনীল সেন জেলে তেমন কোনো পাত্তাই পাচ্ছেন না।
প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে আদালতে করা তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। অন্য বন্দির তুলনায় তিনি কিছু বাড়তি সুযোগ‑সুবিধা পাচ্ছেন। সূত্রের খবর, ক’দিন আগে তিনি সেলের মধ্যে পায়চারি করতে করতে এক জেল কর্মীকে কাঁদতে কাঁদতে বলেন,আমাকে ফাঁসিয়ে দেওয়া হল। সমস্ত কিছু ভুলে থাকার জন্য জেলের চৌহদ্দির মধ্যে এখন তাঁর নিত্য সঙ্গী গান। গুনগুন করে চলেছেন কখনও নিজের গান, আবার কখনও রবীন্দ্র সঙ্গীত। একটা সময় তাঁর সান্নিধ্য পেতে বহু মানুষ চারপাশে মৌমাছির মতো ভিড় করে থাকতেন। কলকাতার প্রেসিডেন্সি জেল তাঁর ‘ঠিকানা’ হওয়ার পর সেই পরিচিত লোকজনের কাউকে একবারও দেখা যাচ্ছে না জেলের ত্রিসীমানায়।-ফাইল চিত্র



