নাগাড়ে বাজছে বাজনা, সালারের কা-গ্রামে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে নামল ভক্তের ঢল
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: বিসর্জনের প্রস্তুতির সঙ্গে দর্শনার্থীরও ব্যাপক জমায়েত। সঙ্গে নাগাড়ে বাজনাও বেজে চলেছে। বাজনার তালে কোমর দুলাতে দেখা গিয়েছে এলাকার পুরুষ ও মহিলাদের। বৃহস্পতিবার সালার থানার কা-গ্রামের জগধ্বাত্রী পুজোর উন্মাদনা ছিল কার্যত এমনই।

Advertisement

উল্লেখ্য, এবছর গ্রামের জগধ্বাত্রী পুজোয় ব্যাপক জমায়েত হয়েছিল বলে বাসিন্দাদের দাবি। বুধবার রাত কাটিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ভীড় দেখা গিয়েছে। বাসিন্দা সুকুমার সাহা বলেন, গত কয়েক বছরেও এমন ভীড়ভাট্টা দেখা যায়নি। বহু দূরের গ্রাম থেকেও দর্শনার্থীরা এসেছিলেন।
এদিকে পুজোর রাত শেষ হতেই এদিন গ্রামের ২৯টি প্রতিমার বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রথা অনুযায়ী প্রথমেই গ্রামের মহাশয় বাড়ির ঘট নিয়ে গ্রাম প্রদক্ষিন করা হয়। এরপর সকাল কিছুটা পেরোলে অন্যান্য মণ্ডপগুলি থেকে বাজনার দল নিয়ে শোভাযাত্রা বের হয়। বাজনার দল নিয়ে গ্রাম প্রদক্ষিনের সময় কার্যত প্রত্যেক মণ্ডপের অন্তত ৭ থেকে ১০টি করে বাজনার দল বেরিয়েছিল বলে দাবি। তবে দুপুরের আগেই এই শোভাযাত্রা শেষ হয়। এরপর বিকেল পড়তেই দেবীকে বেদী থেকে নামিয়ে আনার তোড়জোর শুরু হয়। সেই সময় গ্রামজুড়ে যে ঢাকের বাজনা বেজে উঠে তা দূরের প্রতিবেশি গ্রামগুলি থেকেও শোনা যাচ্ছিল বলে জানা গিয়েছে। এক পুরোহিত সংগঠনের সদস্য তারাচরণ ঘোষাল বলেন, বহুবছর পর কা-গ্রামের জগদ্ধাত্রী পুজোয় এমন উন্মাদনা দেখা গেল। 
এদিকে সন্ধ্যা নামতেই কয়েকটি মণ্ডপে আতসবাজির প্রদর্শন হতে দেখা গিয়েছে বলে দাবি। বাসিন্দা বাপন সাহা, অনিমেষ দত্ত, সৌমেশ ঘোষ প্রমুখরা জানান, রাত ন’টা থেকে বিসর্জনের শোভাযাত্রা বের হওয়ার পর তা কার্যত ভোর পর্যন্ত চলে। এমনকি, কয়েকটি প্রতিমার বিসর্জন হতে হতে পরের দিন সকালও হয়ে যায়।