নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পাশের হারে রাজ্যের অন্য জেলার তুলনায় অনেকটাই পিছিয়ে থাকল মুর্শিদাবাদ। প্রকাশিত ফল অনুযায়ী, ৯০.৪৪শতাংশ পাশের হার নিয়ে জেলার স্থান হয়েছে ১৮তম। ৯৫.৫৮শতাংশ পাশের হার নিয়ে রাজ্যে প্রথম স্থানে রয়েছে নদীয়া জেলা। মুর্শিদাবাদ কেন পাশের হারে পিছিয়ে রয়েছে, তা নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে চর্চা শুরু হয়েছে। তৃতীয় সেমিস্টারের ফলে কিছুটা ধাক্কা খেলেও চতুর্থ সেমিস্টার নিয়ে আশাবাদী শিক্ষকরা। সামগ্রিক পাশের হারে পিছিয়ে থাকলেও জেলার পড়ুয়ারা মেধা তালিকায় জায়গা করে নেয়, সেটাও মনে করাচ্ছেন শিক্ষানুরাগীরা।
বহরমপুরের একটি স্কুলের শিক্ষিকা রত্না দেবনাথ বলেন, পাশের হারে আমাদের জেলা কিছুটা পিছিয়ে আছে। তবে চতুর্থ সেমিস্টার এখনও বাকি। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-সবাইকে একযোগে পড়ুয়াদের পাশে দাঁড়াতে হবে। যাতে তারা আরো ভালো ফল করতে পারে।
শিক্ষাবিদদের একাংশের মতে, মুর্শিদাবাদ জেলার বহু পরিবার আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা অনেক পড়ুয়া পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থী। পড়ুয়াদের ফল ভালো করতে হলে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এছাড়া, জেলাজুড়ে অনেক পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায়। আবার অনেকে স্থানীয় গ্যারাজ, হোটেলে কাজে ঢুকে পড়ে। সেকারণে উচ্চমাধ্যমিকে পাশের হারে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়ছে। যদিও শিক্ষাদপ্তর ও বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ অবশ্য স্কুলছুটের হার কমানোর চেষ্টা চালাচ্ছে। গ্রামীণ এলাকায় এই নজরদারি বাড়লে চতুর্থ সেমিস্টারে ভালো ফল হতে পারে বলে শিক্ষকরা মনে করছেন।
বহরমপুরের সৈদাবাদ মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় জানান, যাঁরা ভালো ফল করেছে, তাঁদের সেই ধারা বজায় রাখতে হবে। যাঁদের ফল আশানুরূপ হয়নি, তাঁদের চতুর্থ সেমিস্টারে ভালো করার সুযোগ রয়েছে। তাই এখন থেকেই পড়ুয়াদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে।



