Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

মরমিয়াবাদ

ভগবান্‌ ভালবাসার ধন। তাঁহাকে শুদ্ধ ভালবাসা দ্বারা পাওয়া যায়—এই মতবাদকেই সাধারণত মরমিয়াবাদ বলে। এই বাদ পৃথিবীর বিভিন্ন ধর্মেই দৃষ্ট হয়।

মরমিয়াবাদ
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভগবান্‌ ভালবাসার ধন। তাঁহাকে শুদ্ধ ভালবাসা দ্বারা পাওয়া যায়—এই মতবাদকেই সাধারণত মরমিয়াবাদ বলে। এই বাদ পৃথিবীর বিভিন্ন ধর্মেই দৃষ্ট হয়। ইহাতেই বুঝা যায় ইহা মানবীয়। খ্রীষ্টানধর্মে এই বাদের নাম মিষ্টিসিজম্‌। ইসলামে এই মতের নাম সুফীমত। এখানে সুফীবাদের সঙ্গে বৈষ্ণবধর্মের কিঞ্চিৎ তুলনামূলক আলোচনা করিতে চেষ্টা করিব। সুফীমত ইসলামের অন্তরের সংবাদ। অন্তরের সংবাদ অনুধাবন করিতে বাহিরেরও কিছু জানা দরকার। হিন্দুধর্মের ভিত্তি যেমন শ্রুতি ও গীতা, ইসলামের ভিত্তি সেইরূপ কোরান ও হাদিস। দার্শনিকগণ চরম সত্য লাভের জন্য যে অনুসন্ধান করিয়াছেন তাহার মূল প্রেরণা নিহিত রহিয়াছে কোরানে ও হাদিসে।

Advertisement

কোরান ঈশ্বরের বাণী। হাদিস ঈশ্বর-প্রেরিত পুরুষ হজরতের বাণী। ‘ওহি’ আর ‘এলহাম’ প্রত্যাদেশ ও অনুভূতি। কোরানে ‘ওহি’ রসুলের মাধ্যমে প্রকাশিত প্রত্যাদেশ, আর ‘এলহাম’ ধ্যানীর ধ্যানে প্রকটিত অপরোক্ষানুভূতি। এই দুইই অতীন্দ্রিয়। সুতরাং ইসলামের ভিত্তি অপ্রাকৃত সত্য (super rational intuition)। হিন্দুধর্মে যেমন একই শ্রুতির বিভিন্ন ব্যাখ্যা অবলম্বনে দ্বৈত অদ্বৈত দ্বৈতাদ্বৈত প্রভৃতি বহু মতের প্রকাশ, অনেকটা সেই মতই কোরান হাদিসের যথার্থ ব্যাখ্যা অনুসন্ধানের ফলে মুসলিম চিন্তাবিদ্‌গণ মুরজিয়া, জাবারিয়া, কাফেরিয়া, মুতাজিলা ও আশারিয়া এই পাঁচ সম্প্রদায়ের বিভক্ত। ইঁহাদের মধ্যে নানা বিষয় লইয়া মতভেদ আছে। তবে মূলকথা কোরান ও হাদিস সত্যের উৎস—এই বিষয়ে মতভেদ নাই। ইসলামের মূল বাণী ‘তওহীদ’। তওহীদ অর্থ খোদার একত্ব। যে এই খোদা বিশ্বাস করে না সে মুসলমান নয়। ইসলামে পুরোহিত নাই। অর্থাৎ ভগবান্‌ ও মানুষের মধ্যে দ্বিতীয় কোন মধ্যস্থ নাই। ইসলাম মতে প্রত্যেক মানুষ সমান, জাতি-বর্ণ ভেদ নাই। এই সাম্যবাদ ইসলামের মধ্যে। ইসলামের বাইরে যে সে কাফের। পাঁচটি স্তরের উপর ইসলাম দণ্ডায়মান। কালেমা, নামাজ, রোজা, জাকাত ও হজ।
কালেমা—ঈশ্বরের একত্ব ও হজরতের নবীত্বে বিশ্বাস হইল কালেমা। কালেমা মন্ত্রের অর্থ এক আল্লা ব্যতীত অন্য উপাস্য নাই। মোহম্মদ আল্লার প্রেরিত পুরুষ। এইটি ইসলামের মূল মন্ত্র। বাকী চারটি শান্তিরাজ্যে পৌঁছাইবার প্রণালী। ইসলাম শব্দের অর্থ শান্তি।
নামাজ—নামাজ অর্থ উপাসনা। ঈশ্বরের সঙ্গে মানবের যোগাযোগের উপায়। নামাজ শুধু সৌজন্য বা নমস্কার করাই নয়। ভোগতৃষ্ণা মুক্ত হইয়া আত্মশুদ্ধি দ্বারা ঈশ্বরের নিকটবর্তিতা লাভ করাই হইল নামাজ বা এবাদতের প্রকৃত লক্ষ্য। সংঘবদ্ধ হইয়া নামাজ পড়াই সর্বোত্তম।
রোজা—রমজান মাসে রোজা করণীয়। আরবী রমজ্‌ ধাতু হইতে রমজান। রমজ্‌ ধাতুর অর্থ দহন করা। রমজান দাহন করিবার মাস। কাম, ক্রোধ, লোভ, লালসা রিপুগণকে দগ্ধ করিবার মাস রমজান। সোবাহ সাদেক (ব্রাহ্মমুহূর্ত) হইতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগই রোজা। সংযম, তিতিক্ষা, ধৈর্য শিক্ষার জন্যই রোজা।
‘শ্রীমহানামব্রত প্রবন্ধাবলী’ (১ম খণ্ড) থেকে

Advertisement
সম্পর্কিত সংবাদ