নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৫ সালে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকায় এক মহিলাকে খুনের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। এই রায়ে উল্লেখযোগ্য ভূমিকা নেয় পাঁচ বছরের এক শিশুর সাক্ষ্য। সাজাপ্রাপ্ত যুবকের নাম শেখ মুন্না। সোমবার আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জনকুমার সেনগুপ্ত ওই আদেশ দিয়েছেন। বিচারক এদিন অন্যান্য ধারাতেও পৃথক পৃথক সাজা ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার আগে মুন্না বিচারককে বলেন, তাঁর বাড়িতে তিনটি শিশু আছে। তাই তাঁকে যেন কম সাজা দেওয়া হয়। তাতে সরকারি কৌঁসুলি সাফিনা আহমেদ জোরালো আপত্তি জানান। তিনি বলেন, একটি শিশুর সামনে নৃশংসভাবে এক মহিলাকে খুন করলেন, তখন তাঁর বাড়ির শিশুদের কথা মনে হলো না?



