Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজারহাটে খুন! হাত বাঁধা অবস্থায় জলাশয় থেকে দেহ উদ্ধার তরুণের

পিঠমোড়া করে হাত বাধা অবস্থায় জলাশয় থেকে উদ্ধার হল এক তরুণের মৃতদেহ। শরীরে মিলেছে আঘাতের চিহ্নও। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই তরুণকে খুন করা হয়েছে।

রাজারহাটে খুন! হাত বাঁধা অবস্থায় জলাশয় থেকে দেহ উদ্ধার তরুণের
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পিঠমোড়া করে হাত বাধা অবস্থায় জলাশয় থেকে উদ্ধার হল এক তরুণের মৃতদেহ। শরীরে মিলেছে আঘাতের চিহ্নও। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই তরুণকে খুন করা হয়েছে। কিন্তু, কে বা কারা কেন তাঁকে খুন করল তার কিনারা হয়নি। সোমবার সন্ধ্যার মুখে এহেন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে রাজারহাটের মোবারাকপুর এলাকায়। সকালে ওই তরুণ বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার মুখে তাঁর দেহ মিলেছে। অর্থাৎ, দিনের বেলায় তাঁকে খুন করা হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম তৌহিদ সাঁপুই (১৯)।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের মোবারাকপুর এলাকাতেই তাঁর বাড়ি। সকালে বেরিয়ে বিকেল পর্যন্ত না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তা করছিলেন। বিকেলের পর এলাকার লোকজন দেখেন, স্থানীয় একটি জলাশয়ে এক তরুণের মৃতদেহ ভাসছে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি উদ্ধার করে দেখা যায়, তাঁর দু’টি হাত পিছন দিকে বাধা অবস্থায় রয়েছে। এই ঘটনায় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এক পুলিস আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যু নয়। তাঁকে খুন করা হয়েছে বলেই অনুমান। তার কিছু নমুনাও পাওয়া গিয়েছে। তাই খুনের মামলা রুজু করেই ঘটনার তদন্ত শুরু হচ্ছে।
অন্যদিকে, এদিন সকালে রাজারহাটের লাঙলপোতা এলাকায় ভাটায় কাজ করার সময় ইট চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিট্টু লিন্ডা (১৯)। ঝাড়খণ্ডে তাঁর বাড়ি। ওই ঘটনায় জখম হয়েছেন আরও চার শ্রমিক। তাঁদের মধ্যে দু’জন চিকিৎসাধীন। ইটভাটায় গাড়ি থেকে ইট তোলার কাজ চলছিল। সে সময় স্তূপ করে রাখা অসংখ্য ইট হঠাৎ হুড়মুড়িয়ে নীচে পড়ে যায়। সে সময় নীচে কাজ করছিলেন বিট্টু সহ বেশ কয়েকজন শ্রমিক। তাঁরা জখম হন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসরা বিট্টুকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ