নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও বারাসত: গড়িয়ায় লিভ ইন পার্টনারকে খুনের ঘটনায় নয়া তথ্য পেলে পুলিশ। সম্পর্কের টানাপোড়েন থেকেই খুন, অনুমান তদন্তকারীদের। তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন, প্রেমিক সার্থক সরকারের প্রতি প্রেমিকা সঞ্চালিকা বসুর অতিরিক্ত অধিকারবোধ ছিল। সার্থক বন্ধুদের সঙ্গে মেলামেশা করুক, তা নাপসন্দ ছিল সঞ্চালিকার। তাই প্রেমিকের ফোনে থাকা বন্ধুদের নম্বর ব্লক করে দিয়েছিলেন তিনি। এমনকি, সার্থক যাতে তাঁর বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক না রাখে, তার জন্যও চাপ দিতেন প্রেমিকা। শনিবার রাতে মদ্যপ অবস্থায় এ নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়। সার্থক এ ব্যাপারে প্রেমিকাকে দোষারোপ করলে রাগের বশে তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
আরও একটি বিষয় হল, সার্থককে কী দিয়ে খুন করা হয়েছে? এ নিয়ে পুলিশকে বারেবারে বিভ্রান্ত করছেন ধৃত আইনের ছাত্রী। তিনি প্রথমে দাবি করেছিলেন, দুর্ঘটনাবশত চশমার উপর পড়ে যাওয়ায় সেই কাচ গেঁথেই মৃত্যু হয়েছে সার্থকের। আবার পুলিশি জেরায় তিনি বলেছেন, কাঁচি দিয়ে নিজেই আত্মঘাতী হয়েছেন তরুণ ইঞ্জিনিয়ার। এদিকে, পুলিশ ওই ঘর থেকে রক্তমাখা চপ স্টিক পেয়েছে। সার্থকের আঘাতের চিহ্ন দেখে ময়নাতদন্তকারী ডাক্তারদের মনে হয়েছে, খুব সরু এবং সূঁচালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেক্ষেত্রে উদ্ধার হওয়া চপ স্টিক খুনের ঘটনায় অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত হতে পারছে না তাঁরা। কালীপুজোর জন্য সর্বত্র ছুটি চলছে। তাই তদন্ত প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, এই গোটা ঘটনায় মা ও মেয়ের ভূমিকা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রাথমিকভাবে সঞ্চালিকাকেই মূল অভিযুক্ত হিসাবে ধরা হলেও তাঁর মা তখন কী করছিলেন, তা পুলিশ এখনও জানতে পারেনি। জেরায় চুপ থাকছেন মা মৌমিতা বসু। মেয়েও স্পষ্ট করে উত্তর দিচ্ছেন না বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সার্থক প্রেমিকার ফ্ল্যাটে
এসে যে থাকতেন, তা সব সময় বাড়িতে বলতেন না। অফিসে ট্রেনিং আছে, এই অজুহাত দিয়ে তিনি ওই ফ্ল্যাটে সঞ্চালিকার সঙ্গে থেকে যেতেন। মৃতের
বাবা সুজয় সরকার বলেন, ছেলেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বহুবার বলা হয়েছিল। বলেছিলাম, মেয়েটা ভালো নয়। ওর বন্ধুবান্ধবদের নম্বর ব্লক করে দিয়েছিল সঞ্চালিকা। মৃত্যুর দিন পনেরো আগে ওর গায়ে বেশ কিছু কাটা দাগ দেখেছিলাম। জিজ্ঞাসা করলে ছেলে বলেছিল, পড়ে গিয়ে লেগেছে। আসলে সেগুলি মারার দাগ ছিল বলেই আমার সন্দেহ।



