Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

শাহবাজকে উপহার তুলে দিলেন পাক সেনাপ্রধান, চীনা মহড়ার ছবি দেখিয়ে ‘সাফল্যে’র দাবি মুনিরের

ভারতের অপারেশন সিন্দুরের পাল্টা ‘বুনিয়ান-আল-মারসুস’ চালিয়েছিল পাকিস্তান। জয় পালন করতে রবিবার রাতে হাই প্রোফাইল ডিনার পার্টির আয়োজন হয়েছিল ইসলামাবাদে।

শাহবাজকে উপহার তুলে দিলেন পাক সেনাপ্রধান, চীনা মহড়ার ছবি দেখিয়ে ‘সাফল্যে’র দাবি মুনিরের
  • ২৭ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: ভারতের অপারেশন সিন্দুরের পাল্টা ‘বুনিয়ান-আল-মারসুস’ চালিয়েছিল পাকিস্তান। জয় পালন করতে রবিবার রাতে হাই প্রোফাইল ডিনার পার্টির আয়োজন হয়েছিল ইসলামাবাদে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ছাড়াও পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, বিদেশমন্ত্রী ইশাক দার এবং অন্যান্যরা ছিলেন। সেখানেই ধরা পড়ে পাক সেনাপ্রধান আসিম মুনিরের মিথ্যাচার। শাহবাজের হাতে ভারতের বিরুদ্ধে পাক সেনার সাফল্যের প্রমাণ হিসেবে একটি ছবি তুলে দেন সেনাপ্রধান মুনির। কিন্তু দেখা যায় ছবিটি চীনা সেনার মহড়ার। এনিয়ে পাকিস্তানে শুরু হয়েছে বিতর্ক। নেট দুনিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হচ্ছেন পাক সেনাপ্রধান। 

Advertisement

মিথ্যাচারই যে পাকিস্তানের হাতিয়ার, তা আরও একবার প্রমাণিত হল। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছে দাবি করে দেশে বিজয়োৎসব পালন করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাফল্যের কারণে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করা হয়েছে সেনাপ্রধান আসিম মুনিরকে। কিন্তু সাফল্যের কোনও প্রমাণ দিতে পারেনি পাকিস্তান। শুধু তাই নয়, প্রমাণ হিসেবে এমন ছবি বেছে নিয়েছেন স্বয়ং সেনাপ্রধান, যার সঙ্গে আদতেও তাঁর দেশের সম্পর্ক নেই। নেটিজেনদের দাবি, শরিফকে দেওয়া ভারতের বিরুদ্ধে পাক সেনার অভিযানের ছবিটি আসলে লালফৌজের। ২০১৯ সালের ১৯ আগস্ট মহড়া চালিয়েছিল লালফৌজের ৭৪ নম্বর গ্রুপ। পিএইচএল-০৩ রকেট সহ বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে মহড়াটি হয়েছিল। সেই ছবিই শরিফ উপহার পেলেন সেনাপ্রধানের হাত থেকে। এক নেট ব্যবহারকারী লিখেছেন, তারা গুগল ইমেজ সার্চ সম্পর্কে কিছু জানেন বলে আমার মনে হয় না। অপর নেট ব্যবহকারী লিখেছেন, সেনাপ্রধানের থেকে ভুয়ো ছবি উপহার পাচ্ছেন প্রধানমন্ত্রী। অপরদিকে অপারেশন সিন্দুরের নির্ভুল ও শক্তিশালী প্রমাণ দিয়ে চলেছে ভারত। তবে বিকৃত ছবি নিয়ে পাক সেনা ও সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ