নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শহর পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ নিল বর্ধমান পুরসভা। নার্সিংহোম, বিভিন্ন ধরনের দোকান, রেস্তরাঁ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আবর্জনা এতদিন পুরকর্মীরা নিয়ে যেতেন। তারজন্য ব্যবসায়ীদের অর্থ ব্যয় করতে হত না। এবার থেকে আর তা হবে না। আবর্জনা সংগ্রহের জন্য টাকা নেওয়া হবে। সেই মর্মে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং নার্সিংহোমগুলিকে নোটিস পাঠানো হচ্ছে। নিয়ম না মেনে কোনো প্রতিষ্ঠান রাস্তার উপর আবর্জনা ফেলে রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলির আবর্জনা সব থেকে বেশি দূষিত। সেগুলি অনেক সময় বাঁকা খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবহার হওয়া সিরিঞ্জের সূচও জলে ফেলা হয়। সেক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হবে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, শহরের সর্বত্র দোকান তৈরি হচ্ছে। নার্সিংহোমের সংখ্যাও আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। ব্যবসায়ী লাভ করবে আর আমরা বিনামূল্য আবর্জনা সংগ্রহ করব কেন? অনুষ্ঠান ভবনের মালিকদেরও নোটিস করা হচ্ছে। হল ভাড়া দিয়ে তারা মোটা টাকা লাভ করে। আর্বজনা বাইরে ফেলে রাখে। আমাদের পুরকর্মীরা বিনামূল্য সেগুলি তুলে নিয়ে যেত। কর দেওয়ার জন্য ৭৫টি বিয়েবাড়ি বা অনুষ্ঠান ভবন কর্তৃপক্ষকে নোটিস করা হচ্ছে।



