Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনবমীর মিছিলে ৪ হাজার মানুষকে শরবত, জল এবং লাড্ডু দিল পুরসভা

রামনবমীর মিছিলে ৪ হাজার মানুষকে শরবত, জল এবং লাড্ডু দিল পুরসভা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার তরফে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের জলের বোতল, শরবত ও লাড্ডু দেওয়া হল। মিছিল চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে জরুরি প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া যায়-সেই জন্য পুরসভার তরফে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়। পুরসভার এই ভূমিকার প্রশংসা করেছেন নাগরিকরা।

Advertisement

পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, চৈত্রের শুরু থেকেই উষ্ণতার পারদ বেড়ে চলেছে। ভ্যাপসা গরমে হাঁটলে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। সেই কারণে একটু স্বস্তি দিতে পুরসভার তরফে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে জলের বোতল, শরবত ও লাড্ডু দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে জিয়াগঞ্জের সাধকবাগ আখড়া থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয়। সেটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানাতে পুরসভার তরফে জিয়াগঞ্জ শহরের টাউন সেন্টারে ঢোকার মুখে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। ওই মঞ্চ থেকে পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, ভাইস চেয়ারম্যান মলয় রায়, তৃণমূলের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ টাউন সভাপতি অরুণ সাহা ও অন্য কাউন্সিলাররা শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে জলের বোতল, শরবত ও লাড্ডু তুলে দেন। পুরসভা জানিয়েছে, শোভাযাত্রায় অংশগ্রহণকারী ও পথচারী মিলিয়ে প্রায় চারহাজার মানুষকে সেসব দেওয়া হয়েছে। এর আগে জেলার অন্য কোনও পুরসভা রামনবমীতে এমন কর্মসূচি করেনি বলেও পুর কর্তৃপক্ষ দাবি করেছে।
ভাইস চেয়ারম্যান বলেন, এখন তাপমাত্রা অনেকটাই বেশি। এই রোদে মিছিলে হাঁটলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে চটজলদি চিকিৎসা দিতে মিছিলের শেষে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ