নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বহু বছর পর হুগলির শ্রীরামপুরে রবীন্দ্রভবন সংস্কারের কাজ শুরু হবে। ইতিমধ্যেই ওই কাজের জন্য রাজ্য সরকার বিপুল অর্থ বরাদ্দ করেছে। কিন্তু সংস্কারের কাজ কেমন হবে? সেই প্রশ্নের জবাব খুঁজতেই নাগরিক সম্মেলন করল শ্রীরামপুর পুরসভা। শুক্রবার ঐতিহ্যের শহরে বিশিষ্ট নাগরিক, সাংস্কৃতিক জগতের মানুষ, বিশেষজ্ঞ এবং আমজনতাকে ডেকে সংস্কার নিয়ে আলোচনা করা হয়। মূলত, রবীন্দ্রভবনে কী কী পরিষেবা থাকা উচিত, আধুনিক সময়ে একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে মানুষের প্রত্যাশা, এসব নিয়ে বিভিন্ন মতামত এদিন উঠে এসেছে। পুরকর্তারা জানিয়েছে, সেইসব মতামতকে গুরুত্ব দিয়েই সংস্কার কাজ করা হবে। সমস্ত চাহিদার বিষয়গুলি নিয়ে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে চর্চা করে চূড়ান্ত নীল নকশা তৈরি করা হবে। এনিয়ে পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, রবীন্দ্রভবন মানুষের প্রয়োজনে সংস্কার করা হচ্ছে। তাই মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। সেই চাহিদার হালহকিকত জানতেই নাগরিক সভা ডাকা হয়েছিল। আমরা লাগাতার মানুষের মত নিয়েই উন্নয়নের কাজ করছি। রবীন্দ্রভবন সংস্কারের জন্য লাগাতার বিভিন্ন মহলে দরবার করে গিয়েছেন শহর তৃণমূলের সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্তোষ সিং (পাপ্পু)। তিনি বলেন, একটু একটু করে রবীন্দ্রভবন সংস্কারের কাজ অগ্রসর হচ্ছে।



