মল্লিকঘাট ফুলবাজারের সংস্কার-আধুনিকীকরণ নিয়ে বৈঠক পুরসভায়
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এশিয়ার বৃহত্তম ফুলের বাজার মল্লিকঘাট। এই ফুলবাজারের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেই সূত্রে শুক্রবার কলকাতা পুরসভায় কমিশনার ও প্রশাসক স্মিতা পান্ডে কলকাতা পুলিশ, কলকাতা পোর্টসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। শতবর্ষের ইতিহাস বয়ে নিয়ে চলা মল্লিকঘাট ফুলবাজারের ঐতিহ্য রক্ষা করে কীভাবে ব্যাপক অধুনিকীকরণ করা যায়, বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Advertisement

বর্তমানে এই বাজারের জরাজীর্ণ কাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশ, ঘিঞ্জি দমবন্ধ করা অবস্থা। তাই এখানকার পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের আমলেই গৃহীত হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত করা যায়নি। বৈঠকে উপস্থিত জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিজয় ওঝার অভিযোগ, বাম ও তৃণমূল শুধুমাত্র এই ফুলবাজার থেকে কেবল টাকা তুলেছে। কোনো উন্নয়ন করেনি। তিনি বলেন, ‘বিগত সরকার ফুলচাষিদের জন্য কিছুই করেনি। রাজ্যে নতুন সরকার আসার পর তাঁদের পুনর্বাসন দিয়ে কিভাবে এই প্রাচীন ফুলবাজারের পরিকাঠামো উন্নয়ন করা যায়, তার পরিকল্পনা করতেই এই বৈঠক ডাকা হয়েছিল।’ বৈঠক শেষে মন্ত্রী কল্যাণবাবু বলেন, ‘মল্লিকঘাট থেকে জগন্নাথঘাট পর্যন্ত এলাকা নিয়ে এই ফুলবাজার। এখান থেকেই কলকাতা ও বিভিন্ন জেলায় ফুল ও ফুলের তৈরি সাজসজ্জা পাড়ি দেয়। গোটা বাজারটির সংস্কার ও আধুনিকীকরণ হবে। এছাড়া, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এখানে আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করা হবে। ফুল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ করার চিন্তাভাবনা রয়েছে সরকারের।’ 
এদিন কলকাতা পুরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সংস্কারের পর এখানে ফুলের পাশাপশি ফুল থেকে তৈরি নানা পণ্য, যেমন রং, আবির ইত্যাদির দোকানও থাকবে। আরও সিদ্ধান্ত হয়েছে, ফুলবাজারের প্রতিদিনের বর্জ্য প্রক্রিয়াকরণ করতে একটি প্লান্ট তৈরি হবে। চারতলা বহুতলের পুরো অংশেই হবে ফুলের ব্যবসা। থাকবে আধুনিক শৌচালয়, বিশ্রামাগার, খাওয়ার জায়গা। মিলবে প্রাথমিক চিকিৎসা। এই বাজার সংস্কারের সঙ্গেই মল্লিকঘাট ও জগন্নাথঘাটের আমূল সংস্কার করা হবে বলে সূত্রের খবর।