নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিটে গেলেই নজরে পড়ে বিশাল একটি অর্ধনির্মিত বহুতল। পরিত্যক্ত একটি ভূতুড়ে বাড়ির মতো পড়ে রয়েছে অসম্পূর্ণ সেই নির্মাণ। বর্ণপরিচয় মার্কেট কমপ্লেক্স! বাম সরকার এবং বাম পুরবোর্ডের আমলে অনেক ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল মেগা এই প্রকল্পের কাজ। অনেকগুলি তল উঠেও যায়। কিন্তু তারপর এক দশকের বেশি সময় কাটলেও আর কোনও কাজ হয়নি। আপাতত এনিয়ে বিস্তর আইনি লড়াই চলছে পুরসভা এবং প্রস্তাবিত কমপ্লেক্সের নির্মাণকারী সংস্থার মধ্যে। এই পরিস্থিতিতে বর্ণপরিচয় মার্কেট নিয়ে এবার নির্মাণকারী সংস্থার (ডেভেলপার) কাছে ২৮০০ কোটি টাকা ‘কাউন্টার ক্লেম’ করল কলকাতা পুরসভা। বর্তমানে বর্ণপরিচয় মার্কেট নিয়ে শুনানি চলছে কলকাতা হাইকোর্ট নিয়োজিত আরবিট্রেটরের কাছে। সেখানেই এই দাবি পেশ করছে পুর কর্তৃপক্ষ।
কলেজ স্ট্রিটের প্রস্তাবিত বর্ণপরিচয় মার্কেট নিয়ে বহু বছর ধরে মামলা চলছে। পুরসভার সঙ্গে নির্মাণকারী সংস্থার চুক্তি অনুযায়ী, মার্কেট কমপ্লেক্স তৈরি হওয়ার পর ৩০ শতাংশ পুরসভার হাতে আসার কথা ছিল। সেখানে কলেজ স্ট্রিট পুর-বাজারের বিভিন্ন দোকানের জায়গা পাওয়ার কথা। নির্মাণকাজের জন্য তাঁদের সাময়িকভাবে সরানো হয়েছিল পাশে মার্কাস স্কোয়ারে। ভবনের বাকি ৭০ শতাংশ কয়েক দশকের জন্য ব্যবসায়ীদের লিজে দিতে পারবে নির্মাণকারী সংস্থা। লিজ বাবদ ‘প্রিমিয়াম’-এর টাকা পুরোটাই পাওয়ার কথা ছিল নির্মাণকারী সংস্থার। বার্ষিক রেন্টের টাকা পাওয়ার কথা ছিল পুরসভার। কিন্তু নির্মাণকাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে বছরের পর বছর। কলেজ স্ট্রিট পুর-বাজারের সিংহভাগ দোকান অসম্পূর্ণ বিল্ডিংয়ের একাংশে জায়গা পেয়েছে। বাকি অংশ পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে সংস্থা নির্মাণের জন্য চুক্তি করেছিল, তারা নিজেদের অন্য একটি সংস্থাকে দিয়ে নির্মাণকাজ করায়। তারপর নানা জটিলতায় কাজ বন্ধ হয়ে যায়। সময়সীমার মধ্যে কাজ শেষ না হওয়ায় পুরসভা চুক্তি বাতিল করে। তখন ওই সংস্থা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে পুরসভার বিরুদ্ধে মামলা করে। পুরকর্তাদের দাবি, ট্রাইব্যুনাল একটি মামলায় পুরসভার পক্ষে রায় দেয়। কিন্তু আরও কিছু ইস্যু এসে পড়ায় কলকাতা হাইকোর্টেও মামলা ওঠে। এক পুরকর্তা বলেন, ‘চুক্তিতেই ছিল, কোনও জটিলতা তৈরি হলে আরবিট্রেটর নিয়োগ করে সমস্যা মেটানো হবে। সেই মতো কলকাতা হাইকোর্ট আরবিট্রেটর নিয়োগ করে। তাঁর অধীনেই বর্তমানে এই মামলার শুনানি চলছে।’ ইতিমধ্যে বর্ণপরিচয় মার্কেটের নির্মাণকারী সংস্থা কলকাতা পুরসভার কাছে ক্ষতিপূরণ বাবদ ১১০০ কোটি টাকা দাবি করেছে। পাল্টা হিসেব দিয়ে পুরসভাও এবার ওই সংস্থার কাছে ২৮০০ কোটি টাকার দাবি করল। শেষ পর্যন্ত আরবিট্রেটরের নির্দেশ কলকাতা পুরসভার পক্ষে আসে কি না, সেটাই দেখার। নিজস্ব চিত্র