ওয়েভার স্কিমের প্রচারে এবার অ্যাডেড এরিয়ায় অটো মাইকিং, সিদ্ধান্ত পুরসভার
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার শহরের সংযুক্ত এলাকায় (অ্যাডেড এরিয়া) ওয়েভার স্কিমের প্রচারে অটো মাইকিংয়ের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। খুব শীঘ্রই এই প্রচার শুরু হবে। বৃহস্পতিবার এই ওয়েভার স্কিম নিয়ে পুরসভার তথ্যপ্রযুক্তি ও সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ঠিক হয়েছে, শহরের অ্যাডেড এরিয়া অর্থাৎ ১৫৬ নম্বর থেকে ২০৯ নম্বর ওয়ার্ড (পুরানো ১০১ থেকে ১৪৪) এলাকায় ওয়েভারের প্রচারে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। যাদবপুর, গড়িয়া, খিদিরপুর, গার্ডেনরিচ, জোকা, বেহালা, ঠাকুরপুকুর এলাকায় পাড়ায় পাড়ায় অটো মাইকিং করে নাগরিকদের ওয়েভার স্কিম সম্পর্কে সচেতন করা হবে। তার জন্য প্রতিটি বরোয় একটি করে অটো নামানোর সিদ্ধান্ত হয়েছে। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, শহরের উত্তর ও দক্ষিণ তল্লাটে, অর্থাৎ ১ থেকে ১৫৫ নম্বর ওয়ার্ডে (পুরানো ১ থেকে ১০০) অটো মাইকিং করার তেমন একটা প্রয়োজন নেই। এই সমস্ত এলাকার নাগরিকরা তুলনামূলক বেশি সচেতন। কিন্তু, সংযুক্ত এলাকায় নাগরিকদের কাছে আরও প্রচারের প্রয়োজন রয়েছে। তাই ওই সমস্ত এলাকায় অটো মাইকিং করা হবে।

Advertisement