Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনা রুখতে শহরের বিপজ্জনক বাড়িগুলি ভাঙার সিদ্ধান্ত পুরসভার

দুর্ঘটনা রুখতে শহরের বিপজ্জনক বাড়িগুলি ভাঙার সিদ্ধান্ত পুরসভার
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া শহরের বেশকিছু পুরনো ভবন বিপজ্জনক অবস্থায় রয়েছে। আগামী দিনে ঝড়বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের মরশুমে সেগুলি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ধারেও ওই ধরনের একাধিক বাড়ি রয়েছে। পোড়ো বাড়িগুলি অবিলম্বে ভেঙে ফেলা প্রয়োজন বলে মনে করছেন শহরবাসী। এই পরিস্থিতিতে অবিলম্বে বাড়িগুলি ভেঙে ফেলার জন্য বাঁকুড়া পুরসভা মালিকদের সতর্ক করতে চলেছে। সম্প্রতি পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলের(সিআইসি) বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার আগে বাড়িগুলিকে চিহ্নিত করা হবে। তার জন্য পুরকর্মীরা প্রতিটি ওয়ার্ডে যাবেন। উল্লেখ্য, কয়েকমাস আগে বাঁকুড়া পুরসভার হরেশ্বর মেলা এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে। কেউ হতাহত না হলেও, ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই বাড়ির একাংশ রাস্তার পাশে রয়েছে। সেটি যেকোনও দিন রাস্তার উপর ভেঙে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

Advertisement

পুরসভার চেয়ারপার্সন অলকা সেনমজুমদার বলেন, শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই কমবেশি জীর্ণ বাড়িঘর রয়েছে। সেগুলির অধিকাংশেই কেউ বসবাস করেন না। ওইসব পোড়ো বাড়িগুলি ধীরে ধীরে বিপজ্জনক হয়ে পড়ছে। সেগুলি না ভাঙলে আগামী দিনে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেগুলি ভেঙে ফেলার জন্য আমরা মালিকদের নোটিস পাঠাব। এরপরেও মালিকরা ব্যবস্থা না নিলে পুরসভা বাড়িগুলি ভাঙতে বাধ্য হবে। আপাতত বাড়িগুলিকে চিহ্নিত করা হবে। বিষয়টি নিয়ে সম্প্রতি সিআইসি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে কাউন্সিলারদেরও অবগত করা হচ্ছে। তিনি আরও বলেন, শহরের কেন্দ্রস্থল বলে পরিচিত মাচানতলা এলাকাতেও জীর্ণ বাড়ি রয়েছে। সেগুলিও ভেঙে ফেলা প্রয়োজন।
পুরসভার এক আধিকারিক বলেন, শহরের জীর্ণ বাড়িগুলি নিয়ে আমরা একসময় খোঁজখবর নিয়েছিলাম। বাড়িগুলির অধিকাংশ ঘিরেই শরিকি বিবাদ রয়েছে। কিছু সম্পত্তি নিয়ে মামলাও চলছে। ফলে, মীমাংসা না হওয়া পর্যন্ত কোনও পক্ষই বাড়ি ভাঙতে পারছে না। তাছাড়া, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় থাকা ওইসব বাড়ির উপর প্রোমোটারদের নজর রয়েছে। প্রোমোটাররা শরিকদের টাকার লোভ দেখিয়ে জায়গা কিনে নিতে চাইছেন। তা নিয়ে দর কষাকষি চলছে। বাঁকুড়া শহরে জায়গার দাম আকাশ ছুঁয়েছে। বেশি দাম পাওয়ার আশায় বাড়ির মালিকরা রয়েছেন। অনেক ক্ষেত্রে, আবার সাবেক আমলে বাড়ি তৈরির সময় রাস্তার জায়গার কিছুটা দখল করা হয়েছিল। কেউ কেউ আবার পাশের ব্যক্তি মালিকানাধীন জায়গাও দখল করে রেখেছে। বাড়ি ভাঙলে সেই জায়গা হাতছাড়া হয়ে যাবে। এই আশঙ্কা থেকেও জীর্ণ বাড়ি রেখে দেওয়া হচ্ছে। ফলে, সব মিলিয়ে নানা জটিলতা রয়েছে। তবে সাধারণ মানুষের সুরক্ষার জন্য, পুরসভা যেকোনও বিপজ্জনক বাড়ির মালিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ