সংবাদদাতা, বনগাঁ: ঝাড়খণ্ড সহ ও বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা এসে শান্ত বনগাঁকে অশান্ত করতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ স্বয়ং। তাই অশান্তি রুখতে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বনগাঁর চারটি ব্যবসায়ী সংগঠনের ডাকে বিজয়া সম্মিলনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘ঝাড়খণ্ড ও অন্যান্য জায়গা থেকে দুষ্কৃতীরা বনগাঁয় এসে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ব্যবসায়ীদের একজোট থাকতে হবে।’ এমনকি, ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন পুরসভার চেয়ারম্যান। যদিও তাঁর এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দলেরই একাংশ। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘২০১১ সালের আগে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ছিল বনগাঁয়। এখন আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে। পুলিশ প্রশাসন তৎপর। আমি জানি না, উনি কেন একথা বলেছেন।’



