নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অরূপকে পুরস্কার দিলেন ববি! কলকাতা পুরসভার ‘কলকাতাশ্রী’ শারদ সম্মানে ‘সেরার সেরা’ পুজো নির্বাচিত হয়েছে অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘ। রবিবার, পুরসভায় সাংবাদিক বৈঠক করে সেই শারদ পুরস্কারের ঘোষণা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার। তবে, ‘সেরার সেরা’ পুজোর পুরস্কার পেয়েছে কেন্দুয়া শান্তি সংঘ, পূর্বাঞ্চল শক্তি সংঘ এবং টালা প্রত্যয়ও।
আপাতত কলকাতা শহরের মোট ১৬২টি পুজো কমিটি নিয়ে ‘কলকাতাশ্রী’ শারদ সম্মানের ঘোষণা করল পুরসভা। ন’টি সেগমেন্টে ৩৬টি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে। এর বাইরে ‘মেয়রস চয়েস’ ক্যাটিগরিতে আপাতত ১২৬টি পুজো কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ‘মেয়রস চয়েস’ তালিকায় পুজোর সংখ্যা আরও কয়েকটি বাড়তে পারে। কারণ, মেয়র নিজে শহরের আরও বেশকিছু পুজো উদ্বোধন করবেন। ঘুরে দেখবেন। ফলে তাঁর পছন্দসই কোনও পুজো আগামী দিনে এই তালিকায় জায়গা পেতে পারে। উল্লেখ্য, মেয়রের নিজের পুজো চেতলা অগ্রণী এবং দেবাশিস কুমারের পুজো ত্রিধারা সম্মিলনী কলকাতা পুরসভার এই শারদ সম্মানের প্রতিযোগিতায় নেই।