পুর নিয়োগ দুর্নীতি: সুজিত বসুকে জেলে দীর্ঘ জেরা করল সিবিআই
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে শনিবার প্রেসিডেন্সি জেলে জেরা করল সিবিআই। প্রায় ঘন্টা তিনেক জেরা শেষে সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।  তৃণমূলের প্রভাবশালী এই নেতার পুরো বক্তব্য রেকর্ড করা হয়েছে। যদিও তাঁর উত্তরে কেন্দ্রীয় এজেন্সি সন্তুষ্ট হতে পারে নি বলে খবর। 

Advertisement

দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আগেই গ্রেপ্তার করেছিল সুজিতবাবুকে। সিবিআই এই মামলায় চার্জশিট দিলেও, তাতে প্রাক্তন মন্ত্রীর নাম ছিল না। ইডি তাঁকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায়। উদ্ধার হয় নথি। সেগুলি সিবিআইকে শেয়ারও করে। তার ভিত্তিতে সিবিআই নিশ্চিত হয়, নিয়োগ দুর্নীতিতে যোগ আছে সুজিত বাবুর। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। এই আরজি মঞ্জুর হওয়ার পর শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁর সুপারিশে চাকরি হয়েছে, এমনটাই সুজিতবাবুকে জানায় সিবিআই। তাঁর মাধ্যমে যে সমস্ত  প্রার্থীর চাকরি হয়েছে, তার তালিকা তুলে ধরা হয়। যদিও সুজিতবাবু দাবি করেছেন, তিনি কাউকে চাকরি দেননি। এরপর টাকার বিনিময়ে চাকরির প্রসঙ্গ আসে। ওই সমস্ত প্রার্থীরা যে বিপুল টাকা প্রাক্তন মন্ত্রীর কাছে পাঠিয়েছেন, তার নথি তুলে ধরেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এই বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেছেন প্রাক্তন দমকলমন্ত্রী। দুর্নীতির টাকা তিনি বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন, সিবিআইয়ের তরফে এ প্রসঙ্গ উত্থাপন করা হলেও সুজিতবাবু কোনো জবাব দেননি বলে জানা গিয়েছে। তাঁর জেরায় সন্তুষ্ট হতে পারেন নি সিবিআই আধিকারিকরা। ফের তাঁকে জেরা করা হতে পারে বলে খবর।