নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বর মাসে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ডিসেম্বরের মাঝামাঝি পুরভোট হবে ধরে নিয়ে সবরকম প্রক্রিয়া শেষ করে রাখতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।
সাধারণত ভোটের দিনক্ষণ প্রস্তাব করে থাকে রাজ্য। সেই প্রস্তাব কমিশনে পাঠানো হয়। তারপর দুপক্ষের সহমতের ভিত্তিতে স্থির করা হয় ভোটের তারিখ এবং নির্ঘণ্ট। আর সেই লক্ষ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে একাধিক বৈঠক করেছে কমিশন। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে এসেও দিনক্ষণ স্থির করা যায়নি। স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী আর নভেম্বরে গঙ্গার দুই পারের পুরসভার ভোটগ্রহণ সম্ভব নয়।
যদিও নভেম্বরে ভোট না-হওয়ার আরও কারণ রয়েছে বলে মত নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের। ওয়ার্ড পুনর্বিন্যাসের জেরে ভোটার লিস্ট সংশোধন ও শ’খানেক বুথে ভোটগ্রহণ কেন্দ্র স্থানান্তরের মতো বিষয়গুলি এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ার সঙ্গে বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং পুরসভায় ভোটগ্রহণ হতে পারে বলে খবর। তবে নভেম্বরে পুরভোট নাহলেও ভোটগ্রহণ কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য, আপত্তি প্রভৃতি জমা দিতে হবে ২ নভেম্বরের মধ্যে। এই বিষয়ে শুনানি করা হবে ৫ তারিখের মধ্যে। যদিও ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার নিষ্পত্তির সঙ্গেও ভোটের তারিখ স্থির হওয়ার বিষয়টি নির্ভর করছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর আগে ১ জুলাই ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। ওই তালিকা ধরেই দুই পুরসভার ভোট হওয়ার কথা ছিল। পরে আরও একটি তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৩ নভেম্বর নতুন একটি তালিকা খসড়া আকারে প্রকাশ করবে ইসিআই। সেটিকে ভিত্তি ধরে নির্বাচন হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু করেছেন কমিশনের কর্তারা।



