Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যত্রতত্র আবর্জনা, থুতু ফেললেই ফাইন, বিজ্ঞপ্তি জারি পুরদপ্তরের, প্রকাশ্যে মল-মূত্রত্যাগেও দিতে হবে মোটা জরিমানা

রাজ্যজুড়ে আবর্জনা ফেললে ২০০ টাকা জরিমানা হবে। নবান্নের নতুন নির্দেশে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বিস্তারিত পড়ুন।

যত্রতত্র আবর্জনা, থুতু ফেললেই  ফাইন, বিজ্ঞপ্তি জারি পুরদপ্তরের, প্রকাশ্যে মল-মূত্রত্যাগেও দিতে হবে মোটা জরিমানা
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে কঠোর অবস্থান নিল নবান্ন। যত্রতত্র আবর্জনা ফেললেই এবার গুনতে হবে মোটা টাকা জরিমানা। রাস্তাঘাটে আবর্জনা ফেলা, বেআইনিভাবে বর্জ্য ডাম্পিং বা নিষিদ্ধ প্লাস্টিক বহন করলে ২০০ টাকা জরিমানা হবে সংশ্লিষ্ট ব্যক্তির। জনসমক্ষে যত্রতত্র থুতু ফেললে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। আর ২০০ টাকা জরিমানা ধার্য হবে নির্দিষ্ট শৌচাগার ছাড়া প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে। 

Advertisement

এমন অপরাধে আর্থিক জরিমানা আরোপ করা হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার একেবারে বিজ্ঞপ্তি জারি করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল তাঁর দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের সমস্ত পুরসভা, পুর নিগম ও নোটিফায়েড এরিয়ায় ধাপে ধাপে এই নিয়ম কার্যকর হবে। প্রথম পর্যায়ে আগামী ১ জুলাই থেকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পুরসভা এবং মিরিক নোটিফায়েড এরিয়ায় এই নির্দেশ কার্যকর হবে। এরপর ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজ্যের বাকি সমস্ত পুরসভায় কার্যকর হবে জরিমানা আদায়ের এই নয়া নিয়ম। তবে এই জরিমানা আদায়ের আড়ালে যাতে অকারণে মানুষকে হয়রানির শিকার না হতে হয় এবং অবৈধভাবে যাতে কেউ টাকা তুলতে না পারে তারও ব্যবস্থা করেছে রাজ্য। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জরিমানার অর্থ শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন মাধ্যমে আদায় করা হবে। নগদে কোনো অর্থ নেওয়া যাবে না।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর স্বচ্ছতা কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে ডবল ইঞ্জিন সরকার। পুর এলাকা পরিষ্কার রাখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। যোগ দিবসের অনুষ্ঠানে এসে রাজ্যে চালু হওয়া বিশেষ স্বচ্ছতা অভিযানের প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সাধারণ মানুষের উদ্দেশে পুরমন্ত্রীর আহ্বান, শহর পরিষ্কার রাখুন, নির্দিষ্ট শৌচাগার ব্যবহার করুন এবং জনসমক্ষে থুতু বা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। এতে যেমন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একই সঙ্গে রোগমুক্ত হবে প্রতিটি এলাকা। 
ইতিমধ্যে বর্ষা নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে জমা জলের সমস্যা থেকে নাগরিকদের নিষ্কৃতি দিতেও পদক্ষেপ করা হয়েছে। অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে, আবর্জনা ও প্লাস্টিকে নালা বুজে গিয়েছে। ফলে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ হলে, জল জমার সমস্যা থেকেও অনেকটা মুক্তি পাওয়া যাবে। মত মন্ত্রীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ